ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম (জাককানই) বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে এ দুই বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা জানান, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধ ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধে হলে হলে গ্রুপ খুলেছেন শিক্ষার্থীরা।
শাহরিয়ার ফাহিম নামের বাকৃবির এক শিক্ষার্থী বলেন, ‘ক্যাম্পাসে কোনো রাজনীতি চলবে না। যদি কেউ আবার সুযোগ নেওয়ার চেষ্টা করে বাকৃবির সাধারণ শিক্ষার্থীরা তাদের কঠিন হাতে দমন করবে।’
মো. মামুন নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান লেখাপড়া করার জায়গা। তাই বাকৃবিতে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানেই ছাত্ররাজনীতি বন্ধ হোক। তাহলে শিক্ষার পরিবেশ ভালো হবে। নিরীহ শিক্ষার্থীদের ওপরে অন্যায় ও জুলুম বন্ধ হবে।’
এদিকে বুধবার (৭ আগস্ট) রাতে উপাচার্যের অনুমোদনক্রমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধ ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রেক্ষিতে ৭ আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ব্যক্তিদের সঙ্গে এক জরুরি বৈঠকের সুপারিশের ভিত্তিতে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধসহ সাত দফা দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
কামরুজ্জামান মিন্টু/পপি/অমিয়/