ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নারী শিক্ষার্থীদের শতভাগ আবাসিকীকরণ নিশ্চিতের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি ও প্রতীকী অনশনে বসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার (৫ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে নারী শিক্ষার্থীদের পক্ষ থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান ইমু এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, ‘অস্থায়ী আবাসন ও পরবর্তীতে মূল ক্যাম্পাসের ভিতরে নারীদের স্থায়ী আবাসন ব্যবস্থা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে। হলে বৈধ সিট প্রতিটি শিক্ষার্থীর ন্যায্য দাবি। ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে উচ্চশিক্ষার জন্য আগত প্রথম বর্ষের নারী শিক্ষার্থীরা আবাসনের জন্য যারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে এবং ক্যাম্পাসের বাইরে অনিরাপদ পরিবেশে বিভিন্নভাবে হেনস্তার শিকার হচ্ছে। এই বাস্তবতা উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালিয়ে যাওয়া রীতিমত প্রহসনের শামিল। কাজেই নারী শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা ও অন্যান্য দাবি আদায় করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নারীবান্ধব করে তোলার আগ পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।’
সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই কর্মসূচি চলবে বলে জানা গেছে।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের মাইশা তাসনিম মৃত্তিকা, একই বিভাগের হাফসা ফৌজিয়া খান, মনোবিজ্ঞান বিভাগের সিদরাতুল মুনতাহা ওহী, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের (এমআইএস) ঝর্না আক্তারসহ অনেকেই।
আরিফ জাওয়াদ/নাবিল/