নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফার্মেসি বিভাগের ১৭তম আবর্তনের মেধাবী শিক্ষার্থী ওমর ফারুক (২২) রেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সোমবার (৬ জানুয়ারি) রাত ১টার দিকে চট্টগ্রামে পার্ক ভিউ হাসপাতালে তিনি মারা যান।
তার বাড়ি কক্সবাজারের ঈদগাঁও সদর উপজেলার কালিরছাড়া গ্রামে।
সহপাঠীদের তথ্যমতে, গত দেড় বছর যাবৎ ফারুক রেক্টাল ক্যানসারে ভুগছিলেন। চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসা চলছিল তার। পরে সোমবার মৃত্যুর কাছে হার মানতেই হলো নোবিপ্রবির এই মেধাবী শিক্ষার্থীকে।
ফারুকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্যাম্পাসজুড়ে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহপাঠী থেকে শুরু করে শিক্ষকসহ অন্যান্য শিক্ষার্থীরা।
তার সহপাঠী রাসেল শেখ বলেন, ফারুক অনেক মিশুক আর হাসিখুশি ছিল। কখনো কারও সঙ্গে ঝগড়া বা মনোমালিন্য হতে দেখিনি। দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় থেকে হঠাৎ করেই আমাদের ত্যাগ করে চলে গেল। বিশ্বাসই করতে পারছি না বন্ধু আমাদের ছেড়ে চলে গেছে। আমরা ওর মৃত্যুতে ভীষণ শোকাহত।
ফার্মেসি বিভাগের প্রফেসর ড. শফিকুল ইসলাম বলেন , আমরা এ ঘটনায় অত্যন্ত ব্যথিত। ওমর ফারুক ছিলেন একজন প্রতিভাবান, সংগ্রামী এবং মানবিক গুণাবলিতে ভরপুর। তার মেধা, পরিশ্রম এবং সহপাঠীদের প্রতি সহযোগিতামূলক আচরণ আমাদের সবার হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার এই অকাল প্রয়াণ আমাদের বিভাগের জন্য একটি গভীর শোক এবং অপূরণীয় ক্ষতি। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন ওমর ফারুকের সব ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন। এবং তার শোকাহত পরিবার, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমাদের গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
কাউসার আহমেদ/মেহেদী