সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. পুরনজিত মহালদার মারা গেছেন।
সোমবার (১৩ জানুয়ারি) রাত ২টা ৩৫মিনিটের দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. পুরনজিত মহালদার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ২.৩৫ মিনিটে মারা গেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, সোমবার দুপুরে রাজশাহীর বারো রাস্তার মোড় এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন ড. পুরনজিত মহালদার। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ একাডেমিক ভবনের সামনে পুরনজিত মহালদারের মরদেহ আনা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে শেষ শ্রদ্ধা জানান। পরে বেলা পৌনে ১১টার দিকে তার মরদেহ নিয়ে গ্রামের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার উদ্দেশে রওনা দেওয়া হয়। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে।
এস আই সুমন/জোবাইদা/




