গত বুধবার (১৪ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শিক্ষকদের 'লং মার্চ টু যমুনা' কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি।
রবিবার (১৮ মে) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ মানববন্ধন করে এই মানবাধিকার সোসাইটি।
মানববন্ধনে দপ্তর সম্পাদক কামরুজ্জামান কায়েস বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যৌক্তিক দাবিতে সেখানে গিয়েছিল। কিন্তু পুলিশ তাদের ওপর অন্যায়ভাবে হামলা চালিয়েছে। আমরা এর সর্বোচ্চ বিচার চাই। ডিবি কার্যালয়ে হুসাইনকে ২৬ ঘণ্টা আটক রাখা হয়—এটি এক ধরনের গুম, যারও বিচার চাই। সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে—এসবেরও বিচার চাই।”
জবি শিক্ষার্থী নওশীন নাওয়ার জয়া বলেন, “আমাদের শিক্ষক ও সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়েছে, যা স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। উপদেষ্টার সঙ্গে যেটা হয়েছে, তা নিন্দনীয়। কিন্তু যে ছেলেটিকে গুম করে রাখা হয়েছে, সেটা ফ্যাসিবাদের চূড়ান্ত রূপ। এ সংস্কৃতি আমরা চালু হতে দেব না। সবাইকে সচেতন থাকতে হবে।”
সংগঠনটির সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ বলেন, “শান্তিপূর্ণ লংমার্চে হামলা চালিয়ে পুলিশ প্রশাসন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। আমরা এখনো সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি বা দুঃখপ্রকাশ দেখিনি। আমাদের শিক্ষকদের লাঞ্ছনা করা হয়েছে—এটা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এসব ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।”
মুজাহিদ/সিফাত/