বান্ধবীকে ছেলেদের পোশাক পরিয়ে এনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলে রাত্রিযাপনের বিষয়টি জানাজানির পর বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী নাজমুল ইসলামের সিট বাতিল করেছে হল প্রশাসন।
গত ৪ জুন শিক্ষার্থী নাজমুল ইসলাম তার বান্ধবীকে ছেলেদের পোশাক পরিয়ে এনে হলে রাত্রিযাপন করেন।
অভিযুক্ত নাজমুল ইসলামের বাড়ি মাদারীপুর জেলায়। তার বান্ধবীও বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থীর জানান, ভোরের দিকে তারা সাইকেলে একজন ছেলেকে হলে থেকে বের হতে দেখেন। সাইকেলের পেছনে বসা ছিলেন এক নারী, যার গায়ে ছেলেদের স্কুল শার্ট ও মাথায় ক্যাপ ছিল। তাদের সন্দেহ হলে ধাওয়া করেন, তবে সাইকেল দ্রুতগতিতে বেরিয়ে যায়। দারোয়ানও থামাতে ব্যর্থ হন।
এ বিষয়ে নাজমুল বলেন, ‘৩ জুন আমার জন্মদিন ছিল। কেক কাটতে কাটতে রাত হয়ে যায়। ওর মেসে ওই রাতেই তালা পড়ে যায়। ও অনুরোধ করেছিল একটু থাকার জন্য, তাই তাকে হলে নিয়ে আসি। আমি শুধু শেল্টার দিয়েছিলাম।’
হলের সাধারণ শিক্ষার্থীরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ রক্ষায় এমন ঘটনার কঠোর শাস্তি হওয়া জরুরি।
এ বিষয়ে হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোতাহার হোসেন বলেন, যেহেতু সে সময় হল ফাঁকা ছিল তাই তাদের তখনই ধরা যায়নি। তবে ঘটনা জানার পর তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তারা দুজনেই বিষয়টি স্বীকার করেছে। হল প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে তার আবাসিকতা বাতিল করা হয়েছে। এর পর এটা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত গুরুতর। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এনায়েত/মেহেদী/




