ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। তবে কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানা যায়নি। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।
মঙ্গলবার (২৪ জুন) রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রাত সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ মিছিল করেন গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা-কর্মীরা।
বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব জাহিদ আহসান বলেন, ‘ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এর আগে মুজিব হলের পকেট গেটে ককটেল বিস্ফোরণ করা হয়। এখন থেকে ৪০ দিন আগে সাম্য হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, কিন্তু এখন পর্যন্ত এর সুস্পষ্ট কোনো তদন্ত করতে দেখা যায়নি। ইতোমধ্যে ডাকসু নির্বাচন কমিশন গঠন করার পর ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে এবং ডাকসু বানচালের চেষ্টা করা হচ্ছে। আমরা বলতে চাই, যারা ককটেল মেরে ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাচ্ছে, তাদের রুখতে আমরা ছাত্রসমাজই যথেষ্ট।’
উদ্দেশ্যপ্রণোদিত ককটেল বিস্ফোরণ করা হয়েছে উল্লেখ করে সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, ‘সন্ত্রাসী ছাত্রলীগ হটানোর পর এই ক্যাম্পাসকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালানো হয়েছে। যখন উপাচার্য বলছেন, ডাকসুর জন্য ক্যাম্পাস প্রস্তুত, তখন ক্যাম্পাসকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালানো হচ্ছে। ডাকসু যেন পেছানো হয়, সে জন্য অনেকেই গুটিবাজি করছে এবং ক্যাম্পাসকে প্রশ্নবিদ্ধ করতে পাঁয়তারা করছে। আমরা যেকোনো মূল্যে এই ক্যাম্পাস নিরাপদ রাখতে প্রস্তুত রয়েছি। আমরা চাই, যারা ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চায়, অবিলম্বে তাদের খুঁজে বের করে গ্রেপ্তার করুন।’
পরে বিক্ষোভ মিছিল শেষ করে ক্যাম্পাসে স্থিতিশীল ও রাজনৈতিক সহাবস্থানের ধারাবাহিকতা নিশ্চিতে প্রক্টর অফিসে যান গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা-কর্মীরা।
সিসিটিভি ফুটেজ দেখে বিস্ফোরণের বিষয়টি অ্যানালাইলিস করে দেখা হচ্ছে উল্লেখ করে খবরের কাগজকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘ককটেল বা বড় ধরনের পটকা হতে পারে। নিরাপত্তা ইস্যুতে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শাহবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি, এখন পুরো বিষয়টি অ্যানালাইসিস করা হচ্ছে।’