সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে ঘিরে বিতর্কিত মন্তব্যের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নীলিমা আক্তারের স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বরারবর স্মরকলিপি প্রদান করেছে বিভাগটির শিক্ষার্থীরা।
বুধবার (২৩ জুলাই) দুপুরে বিভাগের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কলা ভবন এলাকা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এসময় ড. নীলিমা আক্তারকে তিরস্কার করে তারা বিভাগের দেয়ালে লিখন শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন।
দেয়ালে লিখে শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ। ছবি: খবরের কাগজ
ড. নীলিমা আক্তারকে আওয়ামীপন্থি নীল দলের সাবেক সিন্ডিকেট উল্লেখ করে ওই স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, ‘গত জুলাই মাস থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে আসছেন। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো তিনি প্রতিনিয়ত শ্রেণিকক্ষে শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানকে মব বা উচ্ছৃঙ্খল জনতা বলে আখ্যায়িত করেন। এ ধরনের বক্তব্য শিক্ষার্থীদের মধ্যে গভীর ক্ষোভের সৃষ্টি করেছে এবং বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চেতনার পরিপন্থি। গণ-অভ্যুত্থানের পর শিক্ষার্থীরা তার ক্লাসে বর্জন করলেও অত্যন্ত পরিতাপের বিষয় যে বিভাগ থেকে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, বরং তার প্রতি সমর্থন জানানো হয়েছে।’
গতকাল মঙ্গলবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ওই স্ট্যাটাস প্রসঙ্গে বলা হয়, ‘এ ধরনের দায়িত্বজ্ঞানহীন ও উসকানিমূলক মন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে চরম অসন্তোষ সৃষ্টি করেছে এবং এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তার নৈতিক অবস্থানের সম্পূর্ণ পরিপন্থি।’
এছাড়া ওই স্মারকলিপিতে শিক্ষার্থীরা দুই দফা দাবি উল্লেখ করেন। দাবিগুলো হলো: ড. নীলিমা আক্তারকে অবিলম্বে ও স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এবং তার বিতর্কিত বক্তব্য ও কর্মকাণ্ডের জন্য একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ।
আরিফ জাওয়াদ/মাহফুজ