রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
রবিবার (৩ আগস্ট) সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রুয়ার নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করে।
অনুষ্ঠানে রুয়া সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন।
এতে নবনির্বাচিত কমিটির অন্য নেতা ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব, উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান, অধ্যাপক মাঈন উদ্দিন ও কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান।
রুয়া সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘বিগত ৭২ বছরে এবারই প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রুয়া একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন, আমরা দল-মতের ঊর্ধ্বে থেকে কাজ করতে চাই।’
উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, ‘নবনির্বাচিত অ্যালামনাইরা দেশের ৬৪ জেলাতেই আমাদের অ্যাম্বাসেডর। আজকের দিনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য এক ঐতিহাসিক দিন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন আর একা নয়, রুয়া সবসময় পাশে থাকবে বলেই আমরা বিশ্বাস করি।’
গত ২৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো রুয়ার নির্বাচন অনুষ্ঠিত হয়।
এনায়েত/পপি/