রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের তারিখ ১৩ দিন পিছিয়ে ২৮ সেপ্টেম্বর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
বুধবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার সময় রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য নির্ধারিত সময় যথেষ্ট হচ্ছে না। ডোপ টেস্টে দীর্ঘ সময় প্রয়োজন যেটা আমাদের ধারণায় ছিল না। এ ছাড়াও ভোটকেন্দ্র আবাসিক হল থেকে একাডেমিক ভবনে স্থানান্তর করার সিদ্ধান্ত হয়েছে। মনোনয়নপত্র বিতরণ, বাছাই এবং চূড়ান্তকরণ শেষে নির্বাচন আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
সংশোধিত তফসিল অনুযায়ী, ভোটার তালিকায় মনোনয়নপত্র বিতরণ করা হবে ৩১ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত; মনোনয়নপত্র দাখিল করা যাবে ১-৪ এবং ৭ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত; মনোনয়নপত্র বাছাই হবে ৮ এবং ৯ সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ১১ সেপ্টেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর। সব শেষে আগামী ২৮ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত একাডেমিক ভবনে ভোট গ্রহণ করা হবে। একইদিন ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে জরুরি মিটিং শেষে মনোনয়নপত্র বিতরণের সময় ৫ দিন বাড়িয়েছে নির্বাচন কমিশন। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শাখা ইসলামি ছাত্রশিবিরসহ ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো।
শাকিবুল হাসান/মৌসুমী/অমিয়/