রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচারণার সময় শেষ হচ্ছে মঙ্গলবার (১৪ অক্টোবর) মধ্যরাতে। শেষ সময়ে প্রার্থীরা ভোটারদের দৃষ্টি আর্কষণের জন্য ভিন্ন ভিন্ন লিফলেট তৈরি করে প্রচারণা চালাচ্ছেন। এবার ভিন্ন আঙ্গিকে লিফলেট তৈরি করে ভোটারদের মাঝে সাড়া ফেলেছেন এক প্রার্থী। তার লিফলেট মাটিতে ফেললেই জন্মাবে গাছের চারা।
বলছিলাম শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বিজয়ের কথা। তিনি ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল থেকে কেন্দ্রীয় সংসদে ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করছেন।
সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকেই তাকে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে প্রচারণা চালাতে। এগিয়ে দেখা যায়, তিনি ভোটারদের তার লিফলেট সম্পর্কে বুঝাচ্ছেন।
বিজয় জানান, বনকাগজ থেকে এই লিফলেট বিশেষ পদ্ধতিতে তৈরি করতে হয়। এটি মাটিতে ফেললেই জন্মাবে গাছের চারা। বনকাগজ মূলত হাতে তৈরি রিসাইকেল করা বিশেষ ধরনের একটি কাগজ, যার ভেতর থাকে গাছের বীজ। এই লিফলেট ছিঁড়ে মাটিতে ফেললেই ৭-১০ দিনের মধ্যে জন্মাবে চারা, ১৫-২০ দিনের মধ্যেই পরিণত হবে গাছে। প্রতিটি লিফলেটে ১৫-২০ ধরনের বীজ রয়েছে। এর মধ্যে বেশি রয়েছে ফুল, লাল শাক ও মরিচের বীজ।
এই প্রার্থী আরও জানান, এটি তৈরি হয় ফেলে দেওয়া কাগজ থেকে। এতে একইসঙ্গে কাগজের অপচয় রোধ হয় এবং পরে পরিবেশবান্ধব লিফলেট তৈরি হয়। প্রথমে অল্প তাপমাত্রায় কাগজের সঙ্গে বীজ মিশিয়ে প্রাকৃতিক পরিবেশে শুকাতে হয়। যা একটি দীর্ঘ প্রক্রিয়া।
লিফলেটের বিষয়ে বিজয় বলেন, ‘রাকসুতে প্রার্থীরা প্রত্যেকেই বাহারি লিফলেট তৈরি করে প্রচারণা চালাচ্ছেন। কিন্তু এই লিফলেটগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। আমি পরিবেশের কথা মাথায় রেখে এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি। শিক্ষার্থীরাও এটি খুবই ভালোভাবে গ্রহণ করছে। ১৬ তারিখ নির্বাচনের পর এই উন্মাদনা হয়তো আর থাকবে না। কিন্তু আমি থেকে যাব কারও টেবিলের কোণায়, কারও ফুলের টবে। নির্বাচন শেষে গাছ হয়ে থেকে যাব ৭৫৩ একরে। এটা আমার কাছে একটা বড় পাওয়া।’
শাকিবুল/সালমান/