চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিরা শপথ নিয়েছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে এই শপথ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শপথ পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চাকসুর সভাপতি অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান এবং প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।
জাতীয় সংগীত ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। এরপর নির্বাচন কমিশনারবৃন্দ উপাচার্যের হাতে চাকসুর গেজেট হস্তান্তর করেন।
তবে শপথ পাঠ শুরুর মুহূর্তে হঠাৎ করেই অডিটোরিয়ামে হট্টগোলের সৃষ্টি হয়। কিছু সময়ের জন্য অনুষ্ঠান স্থগিত থাকলেও পরে নবনির্বাচিত ভিপি ইব্রাহিম হোসেন রনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পরিবেশ শান্ত হয় এবং পুনরায় শপথ গ্রহণ কার্যক্রম শুরু হয়।
কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্যদের শপথ শেষে একে একে প্রতিটি হল ও হোস্টেল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ পাঠ করানো হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৪টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। যেখানে ভিপি, জিএসসহ মোট ২৬টি পদের মধ্যে ২৪টিতে বিজয় অর্জন করে ইসলামী ছাত্র শিবির সমর্থিত “সম্প্রীতির ঐক্য” প্যানেল।
চাকসুর ফলাফল অনুযায়ী, ভিপি পদে ৭ হাজার ৯৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ইব্রাহিম হোসেন রনি, জিএস পদে ৮ হাজার ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাঈদ বিন হাবিব এবং এজিএস পদে ৭ হাজার ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আইয়ুবুর রহমান তৌফিক।
আল আরাফ/মৌসুমী/