দীর্ঘ সাত বছর পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা।
বুধবার (২৯ অক্টোবর) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৪২০ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
এর আগে ২০২৩ সালের ১১ আগস্ট মাত্র ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। তখন এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার কথা থাকলেও প্রায় ২৫ মাস পর এ কমিটি পূর্ণাঙ্গ রূপ পেল।। কিন্তু ইতোমধ্যেই মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেই আংশিক কমিটির।
পুরোনো নেতৃত্ব বহাল, যুক্ত হলো নতুন মুখ
আংশিক কমিটির চার নেতাকে (সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র সহসভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়) রেখে আরও ৪১৫ জনকে যুক্ত করা হয়েছে। চাকসু নির্বাচনে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত হয়েছেন মোহাম্মদ মামুন উর রশিদ মামুন। তাকে রাখা হয়নি নতুন কমিটিতে।
নতুন কমিটিতে সহসভাপতি ৬০ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৯২ জন, সহসাধারণ সম্পাদক ৬৩ জন, সহসাংগঠনিক সম্পাদক ৬৪ জন এবং সদস্য ৬২ জন রয়েছেন।
এদিকে ছাত্রত্ব নিয়ে প্রশ্নের জবাবে সভাপতি আলাউদ্দিন মহসিন দাবি করেন, ছাত্রলীগ ক্যাডার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতার কারণে পড়ালেখা নিয়মিত চালাতে পারিনি। দলের দুঃসময়ে সামনে থাকায় দল আমাকে দায়িত্ব দিয়েছে।
সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, জুলাই আন্দোলনে আমরা সামনে ছিলাম। ছাত্রলীগ-যুবলীগের বাধার কারণে মাস্টার্সে ভর্তি হতে দেরি হয়। ৫ আগস্ট-পরবর্তী সময়ে নিয়ম মেনে ভর্তি হয়েছি।
বহিষ্কৃত সিনিয়র সহসভাপতি মামুন উর রশিদ মামুন বলেন, আমাকে দল বহিষ্কার করেছে, কিন্তু আমি দলের বাইরের কেউ নই। আমাকে চাইলে আবার কাজ করতে প্রস্তুত আছি।
সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় দাবি করেন, ছাত্রলীগের হামলায় অর্ধমৃত হওয়ায় পড়ালেখা ব্যাহত হয়। এখন নিয়মিত শিক্ষার্থী হিসেবেই আছি।
নতুন কমিটিতে চাকসু এজিএসও ছাত্রদল সমর্থিত প্যানেলের জি এস প্রার্থী
ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নবনির্বাচিত এজিএস আইয়ুবুর রহমান তৌফিককে যুগ্ম সাধারণ সম্পাদক (৪৩ নম্বর) পদে রাখা হয়েছে।
তিনি বলেন, দীর্ঘ সময় পর সংগঠনের পরিচয় পাওয়া গৌরবের। পদের ক্রম নয়, দলের পরিচয়ই বড় বিষয়।
এ ছাড়া চাকসু নির্বাচনের ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী শাফায়াত হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক (১১) পদে রাখা হয়েছে।
মেয়াদোত্তীর্ণ কমিটি পেল পূর্ণতা
ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী একটি কমিটির মেয়াদ সর্বোচ্চ দুই বছর। ২০২৩ সালের আগস্টে ঘোষিত আংশিক কমিটির মেয়াদ তিন মাস আগেই শেষ হলেও কেন্দ্রীয় নেতৃত্ব অবশেষে সেটিকে পূর্ণতা দিয়েছে।
এদিকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর চবি শাখা ছাত্রশিবির সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে ছাত্রদলকে অভিনন্দন জানিয়েছে।
দীর্ঘ স্থবিরতা ও বিতর্ক কাটিয়ে সাত বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল পূর্ণাঙ্গ কমিটি পেল। ৪২০ সদস্যের এই কমিটি নতুন করে সংগঠনকে গতিশীল করবে বলে মনে করছেন নেতারা, যদিও ছাত্রত্ব ও মেয়াদ ইস্যু নিয়ে বিতর্ক এখনো রয়ে গেছে।
আরাফ/মেহেদী/