নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ও তুরস্কের কারাবুক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) নোবিপ্রবির উপাচার্যের কার্যালয়ে ইরাসমাস প্লাস মোবিলিটি প্রোগ্রামের অংশ হিসেবে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
নোবিপ্রবির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। কারাবুক বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেক্টর অধ্যাপক ড. ফাতিহ কিরিসিক।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, ‘বিশ্বায়নের যুগে গুণগত উচ্চশিক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারিত্ব অপরিহার্য। কারাবুক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ চুক্তি নোবিপ্রবির শিক্ষা ও গবেষণায় এক গুরুত্বপূর্ণ অগ্রযাত্রা। যৌথ উদ্যোগ আমাদের একাডেমিক উৎকর্ষ বাড়াতে এবং বৈশ্বিক র্যাঙ্কিংয়ে উন্নতি আনতে সহায়ক হবে।’
তিনি আরও বলেন, কারাবুক বিশ্ববিদ্যালয় থেকে আগত ফ্যাকাল্টি সদস্যদের অভিজ্ঞতা নোবিপ্রবির শিক্ষক–শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার পথ খুলে দেবে।
নোবিপ্রবির ইন্টারন্যাশনাল কোলাবোরেশন অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স (আইসিইএ) অফিসের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিইএ–এর অতিরিক্ত পরিচালক ও ইরাসমাস প্লাস প্রোগ্রামের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকী এবং ডেপুটি রেজিস্ট্রার (আইসিইএ) ড. খালেদ মেহেদী হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
সুমন/




