রাজনৈতিক প্রতিকূলতা ও নিপীড়নের মধ্যেও বেগম খালেদা জিয়া কখনো তার আদর্শ থেকে বিচ্যুত হননি। গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় তিনি আজীবন আপসহীন ভূমিকা পালন করেছেন বলে মন্তব্য করেন বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো শোকবার্তায় তিনি বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা বেরোবি পরিবার গভীরভাবে শোকাহত।
তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অনন্য ব্যক্তিত্ব। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দেশ পরিচালনায় দৃঢ়তা, প্রজ্ঞা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। রাজনৈতিক চাপ ও সংকটের মধ্যেও তিনি আদর্শিক অবস্থানে অবিচল ছিলেন, যা তাকে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে।
উপাচার্য আরও বলেন, রাষ্ট্র পরিচালনার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে তার সরকারের বিভিন্ন উদ্যোগ দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শিক্ষিত ও সচেতন নাগরিক গড়ে তোলার ওপর তিনি বিশেষ গুরুত্ব দিতেন।
একজন নারী নেত্রী হিসেবে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখার ক্ষেত্রে তার অবদান উল্লেখযোগ্য, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব প্রদানের মাধ্যমে তিনি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
শোকবার্তায় উপাচার্য মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনসহ দেশ-বিদেশের অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা জানান।
আযম/নাঈম/




