সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে খোলা শোকবইয়ে স্বাক্ষর করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ২টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রাখা শোকবইতে স্বাক্ষর করেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়টির ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার। শোকবইয়ে স্বাক্ষর ৩০ ডিসেম্বর বিকেল ৩টা থেকে শুরু হয়ে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় শেষ হয়েছে।
আলিমুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবককে হারাল। আমি মরহুমার রুহের মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এ কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দেন।’
এর আগে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর দেখা দেয় নিউমোনিয়া, সঙ্গে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরোনো সমস্যা। হাসপাতালে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) নেওয়া হয় তাকে।
অন্তর্বর্তী সরকার তার মৃত্যুতে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। একই সঙ্গে ৩১ ডিসেম্বর সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
নাঈম/