৪ জানুয়ারি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাস সংলগ্ন বিভিন্ন স্থানে পোস্টারিং করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখা ছাত্রলীগ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দিনের বেলায় পোস্টার গুলো জনসাধারণের দৃষ্টিগোচর হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল অর্থাৎ সোমবার পর্যন্ত কোনো পোস্টার কারো চোখে পড়েনি। তবে আজ দিনের আলো ফুটতেই বিভিন্ন স্থানে পোস্টারগুলো দৃষ্টিগোচর হয়। তবে কে বা কারা পোস্টার গুলো টানিয়েছে,তা এখন পর্যন্ত জানা যায়নি।
এ বিষয়ে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং তাদের কেউ কেউ ভীতসন্তস্ত্র হয়ে পড়েন।
জুলাই আন্দোলনকারী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একজন সক্রিয় সদস্য মামুন সরকার বলেন, আজ দুঃখের সঙ্গে বলতে হয় ছাত্রদলের সক্রিয় কমিটি না থাকায় আমাদের সাংগঠনিক শূন্যতার সুযোগ নিয়ে ছাত্রলীগ ক্যাম্পাসে পোস্টার লাগাচ্ছে। এ পরিস্থিতি ছাত্রদলের জন্য লজ্জার নয়, বরং দায়িত্বশীলদের জন্য একটি সতর্কবার্তা।
তিনি আরও বলেন, ছাত্রদল রাজপথের সংগঠন। কিন্তু বর্তমান কমিটি সক্রিয় না থাকায় এবং ছাত্রদলের সম্মেলন হওয়ার পরও কমিটি না দেওয়ায় আজকের এ পরিস্থিতি দেখতে হচ্ছে। তাই ছাত্রদলের অস্তিত্ব রক্ষায় অবিলম্বে শক্তিশালী কমিটি গঠন করতে হবে এবং ক্যাম্পাসের অধিকার ফিরিয়ে আনতে।
তাসনিম হক/নাঈম




