জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) রিয়াজুল ইসলাম রিয়াজ, সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা জয়ী হয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) মধ্যরাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মোস্তফা হাসান ঘোষিত ফলাফলে দেখা যায় ভিপি, জিএস এবং এজিএসসহ ১৬টি পদে জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা।
সর্বমোট ৩৮টা বিভাগীয় ও একটি মাত্র ছাত্রী হল নিয়ে জবিতে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে ৭ জন কার্যনির্বাহী সদস্যসহ ২১ পদের বিপরীতে চারটি প্যানেল ও স্বতন্ত্র সবমিলিয়ে লড়ায় করে ১৫৭ প্রার্থী এবং হল সংসদে ৩৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।
যেখানে ভিপি পদে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল থেকে মো. রিয়াজুল ইসলাম পান ৫৫৫৮ ভোট। অন্যদিকে একই পদে ছাত্রদল সমর্থিত 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেল থেকে একেএম রাকিব পান ৪৬৮৮ ভোট। শিবির সমর্থিত প্যানেল থেকে রিয়াজুল ইসলাম ৮৭০ ভোটে জয়ী হন।
অন্যদিকে সাধারণ সম্পাদক( জিএস) পদে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল থেকে আব্দুল আলিম আরিফ সর্বমোট ৫৪৭০ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল থেকে খাদিজাতুল কুবরা পান সর্বমোট ১৯৭৩ ভোট। সর্বমোট ৩৪৯৭ ভোট বেশি পেয়ে আরিফ জিএস পদে নির্বাচিত হন।
সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল থেকে মাসুদ রানা পান সর্বমোট ৫০১৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল থেকে বি এম আতিকুর রহমান তানজিল পান ৪০৭৫ ভোট। এজিএস পদে ৯৪৩ ভোট বেশি পেয়ে জয়ী হন শিবির সমর্থিত মাসুদ রানা।
এ ছাড়াও সম্পাদকীয় পদগুলোর মধ্যে ১১ পদের ৮টিতে জয় হয় শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীদের। যার মধ্যে ক্রীড়া সম্পাদকে মোহাম্মদ জরজিস আনোয়ার নাইম ৩৯৬৩ ভোট, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ৩৪৮৬ ভোট, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নওসিন আরা জয়া ৪১০৫ ভোট, আইন ও মানবাধিকার বিষয়ক পদে হাবিব মোহাম্মদ ফারুক ৪৬৫৪ ভোট, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে নূর মোহাম্মদ ৪৪৭০ ভোট, বিজ্ঞান ও পরিবেশ বিষয়কসম্পাদক পদে সুখিমন খাতুন ৪৪৮৬ ভোট, শিক্ষা ও গবেষণা পদে ইবরাহিম খলিল ৫৫২৪ ভোট, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে মো. নূরু নবী ৫৪০০ ভোট পেয়ে নির্বাচিত হন।
এ ছাড়াও সম্পাদকীয় বাকি তিন পদে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল থেকে পরিবহন সম্পাদক ৪০২৩ ভোট পেয়ে মো. মাহিদ হোসেন, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে ৫৩৮৫ ভোট পেয়ে মো. তাকরিম আহমেদ এবং পাঠাগার ও সেমিনার বিষয়ক সম্পাদক পদে ৪৬৯৮ ভোট পেয়ে রিয়াসাল রাকিব বিজয়ী হন।
অন্যদিকে সাতটি কার্যনির্বাহী সদস্য পদের মধ্যে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল থেকে সদস্য পদে ১ নং সদস্য ফাতেমা আক্তার ৩৮৫১ ভোট, ২ নং সদস্য মো আকিব হাসান ৩৫৮৮ ভোট, ৬ নং সদস্য মো. আব্দুল্লাহ আল ফারুক ২৯ পেয়ে জয়ী হন। এ ছাড়াও বাকি চারজন ৩ নং সদস্য শান্তা আক্তার ৩৫৫৪ ভোট, ৪ নং সদস্য মো সাদমান সাম্য ৩৩০৭ ভোট, ৫ নং সদস্য মো. জাহিদ হাসান ৩১২৪ ভোট এবং ৭ নং সদস্য ইমরান হাসান ইমন ২৬৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
মুজাহিদ/সুমন/