ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কমিশন কতৃক জাতীয় নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন স্থগিতের নির্দেশ দেওয়ায় শাকসুর দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (১২ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাত সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শাকসু নির্বাচন কমিশনের অফিস (আইআইসিটি) ঘেরাও করে। পরবর্তীতে শিক্ষার্থীরা তিন দলে বিভক্ত হয়ে আইআইসিটি ভবন, আইআইসিটি ভবনের প্রবেশপথ ও উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময়কালীন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত বাংলাদেশে অবস্থিত যেকোনো পেশাজীবি সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করা প্রসংগে।
উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রমকে যেকোনো ধরনের প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে দেশের সব পেশাজীবি সংগঠনের নির্বাচন, শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরণের নির্বাচন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নির্বাচন, সাংবাদিক সমিতির নির্বাচন, বণিক সমিতির নির্বাচন, সমবায় সমিতির নির্বাচন, ট্রেড ইউনিয়নের নির্বাচনসহ সব সংগঠনের নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের পর অনুষ্ঠিত করার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করছে।
বিক্ষোভে শিক্ষার্থীরা শাকসু মোদের অধিকার/ রুখে দেওয়ার সাধ্য কার, শাকসু নিয়ে টালবাহানা/চলবে না চলবে না, ২০ তারিক শাকসু দিতে হবে দিতে হবে, সাস্টিয়ান সাস্টিয়ান এক হও এক হও, আপোস না সংগ্রাম/ সংগ্রাম সংগ্রাম, ইনকিলাব ইনকিলাব/ জিন্দাবাদ জিন্দাবাদ এসব স্লোগান দেয়।
এদিকে, আন্দোলন চলাকালীন সময়ে হল সংসদ নির্বাচনে বিজয় ২৪ হলের ভিপি পদপ্রার্থী খলিলুর রহমান চাঁদ হঠাৎ অসুস্থ হয়ে যান। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং অসুস্থতা নিয়েই শাকসুর প্রচারণা চালাচ্ছিলেন।
ইসফাক আলী/নাঈম




