প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনের প্রচারণার জন্য ১২ ঘণ্টা সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন।
রবিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ।
এর আগে, গতকাল শনিবার (১৭ জানুয়ারি) প্রার্থীরা প্রচারণার সময় বাড়ানোর দাবি জানান। এ নিয়ে মধ্যরাত পর্যন্ত শিক্ষার্থীরা নির্বাচন কমিশনের অফিসে (আইআইসিটি ভবনে) অবস্থান করছিল। অবশেষে সকালে আলোচনা করে সিদ্ধান্ত জানানোর আশ্বাসে তারা অবস্থান থেকে সরে যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন দেশের সব নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেওয়ায় শাকসু নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রচারণায় বিঘ্ন ঘটে। পরে ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন শাকসু নির্বাচন ২০ জানুয়ারি অনুষ্ঠানের অনুমতি দেয়। প্রার্থীদের প্রচারণার সুবিধার্থে শাকসু নির্বাচনের প্রচারণার শেষ সময় ১৮ জানুয়ারি রাত ৯টা পর্যন্ত বাড়ানো হলো।
আজ সকাল ৯টায় নির্বাচনি প্রচারণার শেষ সময় নির্ধারিত ছিল। তবে আচরণবিধি অনুযায়ী, গতকাল শনিবার রাত ১০টার মধ্যে প্রার্থীদের প্রচারণা শেষ করতে বলা হয় এবং পরদিন (আজ) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত এক ঘণ্টা প্রচার চালাতে পারবেন। তিবে প্রচারণার সময় ১২ ঘণ্টা বাড়ানো হওয়ায় তারা রাত ৯টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন।
তফসিল অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসফাক/এসজি/