উদীয়মান উদ্যোক্তাদের বাস্তব বাজারের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্য নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে শুরু হয়েছে তিন দিনব্যাপী অন্টারপ্রনারশিপ এক্সপো-২০২৬।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর থেকেই এক্সপো এলাকায় দর্শনার্থীদের সরব উপস্থিতি ও প্রাণবন্ত বেচাকেনা চোখে পড়ে।
নির্ধারিত সময় অনুযায়ী উদ্যোক্তাদের স্টল দ্রুত প্রস্তুত হওয়ার পর একদিকে চলে এক্সপো ফেয়ার, অন্যদিকে সমান্তরালে আয়োজন করা হয় উদ্যোক্তা উন্নয়নমূলক সেমিনার সেশন। এতে অংশগ্রহণকারী উদ্যোক্তারা যেমন সরাসরি নিজেদের পণ্য ও সেবা প্রদর্শন ও বিক্রির সুযোগ পাচ্ছেন, তেমনি দর্শনার্থীরাও উদ্যোক্তা হওয়ার বাস্তব অভিজ্ঞতা ও দিকনির্দেশনা সম্পর্কে জানতে পারছেন।
আয়োজকদের তথ্যমতে, এক্সপোর মূল উদ্দেশ্য উদীয়মান উদ্যোক্তাদের পণ্য ও সেবার বাজার যাচাই, উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ তৈরি এবং একটি টেকসই উদ্যোক্তাবান্ধব পরিবেশ গড়ে তোলা। এবারের এক্সপোতে ৪৫টিরও বেশি স্টল বসেছে, যেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি চট্টগ্রাম জেলার বিভিন্ন উদ্যোক্তা এবং ঢাকার কয়েকটি স্টার্টআপ অংশ নিয়েছে। ফুড, হস্তশিল্প, ফ্যাশন, টেকভিত্তিক সার্ভিস ও লাইফস্টাইল পণ্যসহ নানা খাতের উদ্যোগ দর্শনার্থীদের আগ্রহ কেড়েছে।
এক্সপো আয়োজন সম্পর্কে উদ্যোক্তা শিক্ষার্থী ও আয়োজক আনিকা হাসান রুপন্তী বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এই আয়োজন করা হয়েছে উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর জন্য। কোনো উদ্যোক্তা যেন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন, সেটিই আমাদের মূল লক্ষ্য। প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পাচ্ছি। অভিজ্ঞ উদ্যোক্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা তাদের বাস্তব অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন।’
এক্সপোর পাশাপাশি আয়োজিত সেমিনার সেশনে উদ্যোক্তা হওয়ার বাস্তব চ্যালেঞ্জ, ইনোভেশন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করেন অতিথি বক্তারা। সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ সোহাগ (সিইও, পিউপিল স্কুল বাস), আবুল কাশেম (সিইও ও ম্যানেজিং ডিরেক্টর, এক্সপোনেন্ট) এবং ফজলুর রহমান (ফাউন্ডার, সিইও ও চেয়ারম্যান, টিউটর লাগবে)।
আব্দুর রশিদ সোহাগ বলেন, উদ্যোক্তার আইডিয়া ব্যক্তিগত সমস্যায় সীমাবদ্ধ না রেখে সামাজিক বাস্তবতা থেকে আসা জরুরি। সমাজের সমস্যাকে কেন্দ্র করে কার্যকর সমাধান দিতে পারলেই একটি উদ্যোগ দীর্ঘস্থায়ী হয়। আবুল কাশেম গ্লোবাল মার্কেটে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে আধুনিক প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের মাধ্যমে ব্যবসার প্রতিটি ধাপ আরও দক্ষ করার ওপর গুরুত্ব দেন। ফজলুর রহমান বলেন, ইনোভেশন মানে শুধু নতুন কিছু তৈরি করা নয়, বরং পণ্যের কার্যকারিতা ও গ্রাহকের জন্য তার প্রকৃত মূল্য নিশ্চিত করাই একটি উদ্যোগের সাফল্যের মূল চাবিকাঠি।
আয়োজকদের মতে, তিন দিনব্যাপী এই এক্সপো ও সেমিনার তরুণ উদ্যোক্তাদের জন্য বাস্তব বাজার বোঝা, নেটওয়ার্কিং গড়ে তোলা এবং ভবিষ্যৎ উদ্যোগের প্রস্তুতি নেওয়ার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।