আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা পাঁচ দিনের ছুটি পেতে যাচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার(৬ ফেব্রুয়ারি) খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।
জাতীয় নির্বাচন উপলক্ষে আগামী বুধবার (১১ ফেব্রুয়ারি) ও পরের দিন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ ছাড়াও আগামী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে, নির্বাচনের পরের দিন অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) এবং এর পরের দিন ১৪ ফেব্রুয়ারি (শনিবার) সাপ্তাহিক ছুটি। সে হিসেবে টানা পাঁচ দিনের ছুটি পেতে যাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দূরপাল্লার বাস চলাচলে বিধিনিষেধ আরোপ হলে অনেক শিক্ষার্থীর যাতায়াত অনিশ্চয়তার মুখে পড়তে পারে। সেই পরিস্থিতি বিবেচনায় রেখে শিক্ষার্থীরা যেন নিরাপদ ও নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন, এই উদ্দেশ্যেই একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের পক্ষ হতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হয় এবং নির্বাচন উপলক্ষে ৮ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি চাওয়া হয়।
তাসনিম হক/সুমন/




