পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর আবাসিক হলগুলোতে পৃথক পৃথকভাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েট এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভুঁইয়া।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) উক্ত আয়োজনে বিভিন্ন হলের ছাত্র-ছাত্রীসহ অনেক শিক্ষকরাও অংশগ্রহণ করেন।
ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলমসহ উক্ত দপ্তরের উপ-পরিচালকবৃন্দ, সহকারী পরিচালক, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, সহকারী প্রভোস্টসহ অন্যান্য অফিসিয়ালগণ।
কবি কাজী নজরুল ইসলাম হলের আয়োজনে উপাচার্য ড. মাহমুদ আব্দুল মতিন ভুঁইয়া উপস্থিত থাকার মাধ্যমে কর্মসূচির সূচনা করেন।
এরপর তিনি ক্রমান্বয়ে শহিদ মোহাম্মদ শাহ হল, শহিদ তারেক হুদা হল, মুক্তিযোদ্ধা হল, শহিদ আবু সাঈদ হল, ড.কুদরত-ই-খুদা হল, সুফিয়া কামাল হল, শামসেন নাহার খান হল এবং তাপসী রাবেয়া হল পরিদর্শন করেন এবং ইফতারের সময় হলে ড. কুদরত-ই-খুদা হলে তিনি শিক্ষার্থীদের সঙ্গে ইফতারে অংশ নেন।
এ সময় উপাচার্য মহোদয় বিভিন্ন হলের ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি আত্নশুদ্ধির মাস মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে নিজেদেরকে উন্নত চরিত্রের সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং দেশ ও মানুষের সেবায় আত্মনিয়োগ করার জন্য ছাত্র-ছাত্রীদেরকে আহ্বান জানান।
এছাড়াও তিনি বিভিন্ন হলের ছাত্র-ছাত্রীদের কাছে থেকে হলের সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। একই সঙ্গে তিনি হল এবং হল সংলগ্ন বিভিন্ন স্থান পরিদর্শন করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা দেন।
নাঈম/