নরসিংদীসহ সারাদেশে সাম্প্রতিক ধর্ষণ ও সহিংসতার ঘটনাগুলোর দৃষ্টান্তমূলক বিচার এবং নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
আজ শুক্রবার বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশ আজ ভালো নেই বলে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, ‘আমরা দেখতে পেয়েছি এ সরকার শপথ নেওয়ার পরে ১২ থেকে ১৩ দিন হয়েছে। এ ১৩ দিনে তারা আমাদের নাগরিকদের জীবনের নিরাপত্তা দিতে পারেনি। মা-বোনদের ইজ্জতের নিরাপত্তা দিতে পারেনি। আমরা দেখেছি নির্বাচন পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশের সহিংসতা ও চারটি লাশ। এত রক্তের বিনিময়ে যদি এখনো ফ্যাসিবাদী বয়ান শুনতে হয়, তাহলে আমরা ছাত্র সমাজ কখনো এটা মেনে নিব না।’
ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, ‘বিভিন্ন এলাকায় সংঘটিত ধর্ষণ ও সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভ তৈরি হয়েছে।’
এ সময় বিক্ষোভকারীরা, ‘তারেক রহমান, ধর্ষণ কর অবসান; আছিয়া থেকে নন্দিনী, ধর্ষকদের ভুলিনি; ধর্ষক আর স্বৈরাচার, মিলেমিশে একাকার; ‘ সহ বিভিন্ন বিপ্লবী স্লোগান দিতে দেখা যায়।
এতে অন্যদন্যদের মধ্যে ডাকসু এজিএস মহিউদ্দিন খান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, কমনরুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
জাওয়াদ/মাহফুজ