শীতের বিদায় আর ফাগুনের আগমনে প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে নতুন প্রাণ। গাছে গাছে কচি পাতা, পাখির কলতান আর দূর থেকে ভেসে আসা কোকিলের ডাক- যেন জানান দিচ্ছে বসন্ত এসেছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসও বসন্তকে বরণ করেছে পলাশফুলের আগুনরাঙা সাজে। ঝরে পড়া ফুলে ভরে উঠেছে পথঘাট, চারপাশে ছড়িয়ে পড়েছে মধুর সুবাস।
এই বসন্তকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের নারী শিক্ষার্থীরা আয়োজন করে ভিন্নধর্মী মেহেদি উৎসব। ক্লাস, ল্যাব ও পরীক্ষার চাপের মাঝেও তারা হাতে মেহেদির নকশা এঁকে উপভোগ করেছেন উৎসবের আনন্দ। কারও হাতে লতা–পাতা, কারও হাতে ফুটে উঠেছে ফুলের নকশা। অনেক দিন পর ক্যাম্পাসে এমন আয়োজন হওয়ায় শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বসিত।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে আয়োজিত এই উৎসবে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের ভিড়ে জমে ওঠে প্রাঙ্গণ। নিয়ন বাতির বর্ণিল আলো আর রঙিন মেহেদির নকশায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। কেউ ছবি তুলছেন, কেউ বন্ধুদের সঙ্গে গল্পে মেতে উঠছেন। প্রথম বর্ষের শিক্ষার্থী অনিকা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এসে এমন আয়োজন পেয়ে তিনি খুব আনন্দিত।’
মালয়েশিয়া থেকে আসা শিক্ষার্থী ফাইরোজ জানান, ‘এ ধরনের উৎসবে অংশ নিতে পেরে তার ভালো লেগেছে। শিক্ষার্থীদের মতে, এই আয়োজন ক্যাম্পাসে আনন্দ ও বন্ধুত্বের বন্ধনকে আরও গভীর করেছে।’




