কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রেড ক্রিসেন্ট ইয়ুথ টিমের আয়োজনে ‘অ্যাডভেঞ্চার ট্রেইনিং-২০২৬’ ছিল আমার জীবনের এক অনন্য অভিজ্ঞতা। খাগড়াছড়ি ও কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যে নিজেকে নতুন করে আবিষ্কারের এই যাত্রা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি রাতে।
সকালে খাগড়াছড়ি পৌঁছে চাঁদের গাড়িতে করে আমরা রওনা হই ‘রাঙামাটির ছাদ’খ্যাত সাজেক ভ্যালির উদ্দেশে। ১৮০০ ফুট উচ্চতায় নীল আকাশ আর মেঘের মিতালি আমাদের মুগ্ধ করে। সেখানে ঐতিহ্যবাহী লুসাই গ্রামে তাদের সংস্কৃতি ও পোশাকে নিজেদের রাঙিয়ে নিই। হেলিপ্যাডে সূর্যোদয়-সূর্যাস্ত উপভোগের পাশাপাশি আমরা একটি ফায়ার সেফটি সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করি, যা আমাদের নেতৃত্বগুণ বিকশিত করতে সহায়ক হয়।
পরদিন সকালে কংলাক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মেঘের রাজ্যে হারিয়ে যাওয়ার এক প্রশান্তিময় অনুভূতি হয়। এর পর আমরা পরিদর্শন করি খাগড়াছড়ি হর্টিকালচার হেরিটেজ পার্ক, যেখানে ঝুলন্ত সেতু ও পাখির অভয়ারণ্য এক শান্ত পরিবেশ তৈরি করে রেখেছে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল রহস্যময় আলুটিলা গুহা, যা স্থানীয়দের কাছে ‘মাতাই হাকর’ বা দেবতার গুহা নামে পরিচিত। মশাল জ্বালিয়ে গুহার শীতল অন্ধকার পথ পাড়ি দেওয়া ছিল রোমাঞ্চকর। সেখানে আয়োজিত অ্যাডভেঞ্চার প্রতিযোগিতায় মেয়েদের ক্যাটাগরিতে প্রথম হওয়ার গৌরব অর্জন করি, যা আমার সফরের অন্যতম শ্রেষ্ঠ স্মৃতি।
পাহাড়ের অধ্যায় শেষ করে আমরা রওনা হই সমুদ্রের টানে। কক্সবাজারের পাটুয়ারটেক সমুদ্রসৈকতে পৌঁছে আমরা এক বিরল দৃশ্যের সাক্ষী হই; যেখানে পাহাড়, প্রবাল পাথর আর নীল সমুদ্র মিলেমিশে একাকার। মেরিন ড্রাইভের সৌন্দর্য আর জেলেদের ব্যস্ততা আমাদের মুগ্ধ করে।
পরের দিন আমরা পাড়ি দিই দ্বীপ উপজেলা মহেশখালী। মৈনাক পর্বতের চূড়ায় অবস্থিত বিখ্যাত আদিনাথ মন্দির পরিদর্শন শেষে স্থানীয় লবণ মাঠ ও শুঁটকি বাজার ঘুরে দেখি। সফরের শেষ আকর্ষণ ছিল কক্সবাজারের ‘রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড’। আন্তর্জাতিক মানের এই অ্যাকুরিয়ামে হাঙ্গর, পিরানহা ও জেলিফিশসহ অসংখ্য সামুদ্রিক প্রাণীর বিচরণ দেখে মনে হয়েছিল যেন সত্যিই সমুদ্রের তলদেশে দাঁড়িয়ে আছি।
কিছুটা বিশ্রাম আর কেনাকাটা শেষে আমরা কুমিল্লার পথে রওনা হই। এই সফর কেবল ঘোরাঘুরি ছিল না, বরং প্রকৃতিকে অনুভব করা এবং বাস্তবিক জীবন ও সাহস অর্জনের এক মহোৎসব ছিল, যা স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকবে।
লেখিকা: শিক্ষার্থী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ