রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করা হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরাও অংশ নেন।
মানববন্ধনে বক্তারা দেশে চলমান বিচারহীনতার সংস্কৃতির তীব্র সমালোচনা করেন। তারা বলেন, শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা ও মরদেহ দ্বিখণ্ডিত করার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তনু হত্যা ও হাদি হত্যার মতো ঘটনার বিচার দীর্ঘদিন ঝুলে থাকায় অপরাধীরা উৎসাহ পাচ্ছে।
বক্তারা রামিসা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
মানববন্ধনে অংশ নেওয়া এক নারী শিক্ষার্থী বলেন, আজ দেশে এবং নিজ বিশ্ববিদ্যালয়েও আমরা নিরাপদ বোধ করছি না। শিশু ও নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সচেতনতামূলক সভা-সেমিনারের আয়োজন বাড়াতে হবে। অপরাধীদের দ্রুত ও দৃশ্যমান শাস্তি নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা কমে আসবে।
শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দেশে ১৮০টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যার মধ্যে ৮১ জনই শিশু। ধর্ষণের ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি ভুক্তভোগী পরিবারগুলোকে বিচার চাইতেও নিরুৎসাহিত করছে।