বর্তমান সময়ের নারীরা ঘরে ও বাইরে সমানভাবে তাদের স্থান নিশ্চিত করে চলেছেন। অর্থাৎ তারা শুধু কর্মক্ষেত্রে দক্ষতা প্রদর্শন করছেন না, বরং পরিবারের প্রতিটি দায়িত্বও সমানভাবে পালন করছেন। কর্মজীবী নারীরা অফিসের চাপ, সময়সীমা, মিটিং এবং পেশাগত প্রতিযোগিতার মধ্যে তাদের প্রতিদিনের ঘরের কাজ, সন্তানদের দেখভাল, পরিবারের পরিচালনা সব মিলিয়ে সঠিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছেন।
যদিও একসঙ্গে সংসার ও কর্মক্ষেত্র সামলানো চ্যালেঞ্জিং মনে হতে পারে, তবুও কিছু কার্যকর কৌশল অনুসরণ করলে সময় ব্যবস্থাপনাকে সহজ ও ফলপ্রসূ করা যায়। সঠিক পরিকল্পনা, কাজের অগ্রাধিকার নির্ধারণ, সহযোগিতা এবং নিজের জন্য সময় রাখার মাধ্যমে একজন নারী ঘরে-বাইরে দুই ক্ষেত্রেই দক্ষভাবে এগিয়ে যেতে পারেন। এই প্রক্রিয়ায় শুধু কার্যকরী সময় ব্যবস্থাপনা নয়, বরং মানসিক শান্তি ও ব্যক্তিগত সন্তুষ্টিও অর্জন করা সম্ভব।
এ ছাড়া কর্মজীবী নারীদের জন্য সময় ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। সঠিক সময় ব্যবস্থাপনার মাধ্যমে তারা কাজের অগ্রাধিকার নির্ধারণ করতে পারেন, কোন কাজ আগে করতে হবে এবং কোনটি পরে হবে তা সহজেই বোঝা যায়। ফলে অফিসের কাজ দ্রুত ও দক্ষতার সঙ্গে সম্পন্ন হয় এবং পরিবারের দায়িত্বও প্রভাবিত হয় না।
পরিকল্পিত সময় ব্যবহার মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং নারীদের ঘরে ও বাইরে শান্তি এবং ভারসাম্য বজায় রাখতে সক্ষম করে। এ ছাড়া সময় ব্যবস্থাপনার ফলে নিজেকে যত্ন নেওয়া, বিশ্রাম নেওয়া এবং সামাজিক জীবনের জন্যও পর্যাপ্ত সময় রাখা সম্ভব হয়। তাই কর্মজীবী নারীদের জন্য কার্যকর সময় ব্যবস্থাপনা শুধু প্রয়োজন নয়, বরং ঘরে-বাইরে সফল ও স্বচ্ছন্দ জীবনযাপনের জন্য এটি অপরিহার্য।
ভোরে ঘুম থেকে উঠুন
সঠিক সময় ব্যবস্থাপনার প্রথম ধাপ হলো দিনটি ভোর থেকে শুরু করা। ভোরে উঠে আধঘণ্টা হাঁটাহাঁটি, নাশতা তৈরি ও পরিবারের সঙ্গে সকালের খাবার খাওয়া। এ ধরনের রুটিন আপনার জন্য দিনটিকে পরিকল্পিত করার সুযোগ এনে দেয়। এ সময় আপনি অফিস এবং ঘরের কাজগুলোকে প্রাধান্য দিয়ে সাজাতে পারবেন। ভোরের এই নিয়মিত অভ্যাস নারীদের মানসিক ও শারীরিক শক্তি বাড়ায় এবং দিনের কাজের প্রয়োজনীয়তা সঠিকভাবে চিন্তা করতে সাহায্য করে।
সকালেই কাজ এগিয়ে রাখুন
সকালে বাড়ির কাজগুলো সম্পন্ন করলে বিকেল ও রাতে অতিরিক্ত সময়ের চাপ কমে যায়। রান্নাবান্নার সহজ ও পুষ্টিকর প্রস্তুতি, বাজারের সামগ্রী সাজানো এগুলো ভোরে করলে অফিসের পর পরিবারের সঙ্গে ভালো সময় কাটানো যায়। এ ছাড়া অফিস থেকে ফেরার পথে যানজট কমানোর জন্য দুই চাকার যানবাহন ব্যবহারের ব্যবস্থা কর্মজীবী নারীর সময়কে আরও ফলপ্রসূ করে।
কাজের তালিকা তৈরি করুন
ঘরে ও অফিসের অতিরিক্ত কাজগুলো তালিকাভুক্ত করা সময় ব্যবস্থাপনার জন্য অপরিহার্য। কেনাকাটা, বাজার বা অন্যান্য জরুরি কাজগুলো ডায়েরি, মোবাইল নোট বা ল্যাপটপে লিখে রাখা যায়। তালিকা তৈরির পাশাপাশি অনুস্মারক ব্যবহার করলে কোনো কাজ বাদ পড়ে না এবং কোন কাজ কোন সময় করতে হবে তা মনে থাকে। এটি কর্মজীবী নারীদের পেশাদারত্ব বজায় রাখতে সাহায্য করে।
স্বামী বা সঙ্গীর সাহায্য নিন
কর্মজীবী নারীরা তাদের সংসারের কাজগুলো ভাগাভাগি করে সময় বাঁচাতে পারেন। সন্তান স্কুলে দেওয়া বা তাদের পড়াশোনার খোঁজখবর নেওয়া এমন কাজগুলো স্বামী বা সঙ্গীর সাহায্যে নেওয়া যেতে পারে। একসঙ্গে কাজ ভাগাভাগি করার ফলে নারীর কাজের ওপর চাপ কমে এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ বৃদ্ধি পায়।
দায়িত্বপূর্ণ পেশাদারত্ব
অফিস ও ঘরের মধ্যে ভারসাম্য রাখতে পেশাদারত্ব অপরিহার্য। বাড়িতে অফিসের কাজ নিয়ে অতিরিক্ত চাপ সৃষ্টি করা উচিত নয়, আর অফিসে থাকতে ঘরের দায়িত্বকে মিশিয়ে ফেলাও ঠিক নয়। অফিসে কাজের সময় পরিবারের খোঁজ নেওয়া, প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থা করা সবই সময় ব্যবস্থাপনার অংশ।
সুসম্পর্ক বজায় রাখুন
ঘরে ও অফিসে সুষ্ঠু সম্পর্ক রাখা গুরুত্বপূর্ণ। অফিসের কাজ বাসা থেকে করলে ডেডলাইন মিস না হওয়া নিশ্চিত করতে হবে। পরিবারের সঙ্গে সমঝোতা করে অফিসের অতিরিক্ত কাজ সম্পন্ন করা যায়। অফিসে সহকর্মী ও ম্যানেজারদের সঙ্গে সুসম্পর্ক থাকা জরুরি, যাতে প্রয়োজনে সাহায্য পাওয়া যায়। পরিবারের সদস্য ও সহকর্মীদের সঙ্গে সমঝোতা প্রতিষ্ঠা করলে কাজের চাপ কমে এবং সময় ব্যবস্থাপনা আরও সহজ হয়।
নিজের জন্যও সময় রাখুন
যত ব্যস্তই হোন না কেন, নিজের জন্য নির্দিষ্ট সময় রাখাটা জরুরি। নিজের যত্ন, সামাজিক জীবন, বন্ধুদের সঙ্গে সময় কাটানো সবই কর্মজীবী নারীর মানসিক সুস্থতার জন্য অপরিহার্য। রূপচর্চা, মুভি দেখা বা শপিং করার জন্য সময় রাখলে নারীরা আরও উদ্যমী ও স্বচ্ছন্দ বোধ করেন। এটি পরিবার ও কর্মক্ষেত্রে তাদের কার্যক্ষমতাকেও বৃদ্ধি করে।
সময় ব্যবস্থাপনা শুধু ঘর বা অফিসের কাজই নয়, এটি নিজস্ব জীবনের নিয়ন্ত্রণের উপায়। প্রতিটি কর্মজীবী নারী যদি এই সাতটি কৌশল অনুসরণ করেন, তারা ঘরে এবং অফিসে সফল হতে পারবেন। কাজ ভাগাভাগি, পরিকল্পনা এবং সম্পর্ক রক্ষা এই তিনটি মূল স্তম্ভের ওপর দাঁড়িয়ে নারী তার কর্মজীবন ও সংসারকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবেন। সময়ের সঠিক ব্যবহারই ঘরে-বাইরে কর্মজীবী নারীর সাফল্যের চাবিকাঠি।
তথ্যসূত্র: ইয়ুথ কার্নিভাল
/এস লুপিন
.jpg)