প্রতিদিনের ব্যস্ততায় অনেক নারী পরিবার, কাজ আর দায়িত্ব সামলাতে গিয়ে নিজের যত্নের বিষয়টি অবহেলা করেন। অথচ সুস্থ, সক্রিয় ও আত্মবিশ্বাসী থাকতে নিজের শরীর ও মনের যত্ন নেওয়া অপরিহার্য। বিশেষজ্ঞদের মতে, কিছু সহজ অভ্যাস গড়ে তুললেই নারী জীবনের প্রতিটি ধাপে সুস্থ ও প্রাণবন্ত থাকা সম্ভব। এখানে থাকছে নারীদের জন্য পাঁচটি কার্যকর স্ব-যত্নের ধাপ।
পর্যাপ্ত ও ভালো ঘুম নিশ্চিত করুন
ঘুম শুধু বিশ্রাম নয়, এটি শরীর ও মনের পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। পর্যাপ্ত ঘুমের অভাবে ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, বিষণ্নতা এমনকি ওজন বৃদ্ধির ঝুঁকি বাড়ে। নারীদের ক্ষেত্রে হরমোনজনিত পরিবর্তনের কারণে অনিদ্রার প্রবণতা বেশি দেখা যায়, যা প্রজনন স্বাস্থ্যেও প্রভাব
ফেলতে পারে।
প্রতিদিন ৭-৯ ঘণ্টা নিরবচ্ছিন্ন ঘুম নিশ্চিত করতে নির্দিষ্ট সময়ে ঘুমানো-জাগা, শোয়ার আগে মোবাইল বা টিভি এড়িয়ে চলা, হালকা ব্যায়াম করা এবং আরামদায়ক ঘুমের পরিবেশ তৈরি করা জরুরি।
রঙিন ও পুষ্টিকর খাবার খান
নারীরা সাধারণত বেশি দিন বাঁচলেও জীবনের বিভিন্ন সময়ে নানা জটিল রোগের ঝুঁকিতে থাকেন। তাই সুষম ও পুষ্টিকর খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন শাকসবজি, ফল, পূর্ণ শস্য, লিন প্রোটিন ও কম চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার।
বিশেষ করে গাঢ় সবুজ শাকসবজি ও রঙিন ফলমূল যেমন–গাজর, টমেটো, পালংশাক বা কমলা–অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং চোখ ও মস্তিষ্ককে সুরক্ষা দেয়। পাশাপাশি, প্রজননের বয়সী নারীদের জন্য ফলিক অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ভবিষ্যৎ মাতৃত্বের ঝুঁকি কমাতে সহায়তা করে।
প্রতিদিন কিছুটা সময় নিজের জন্য রাখুন
ক্যারিয়ার, পরিবার ও সামাজিক দায়িত্বের চাপে নারীরা আজ আগের চেয়ে অনেক বেশি মানসিক চাপে থাকেন। এই চাপ দীর্ঘমেয়াদে হৃদরোগ, ডায়াবেটিস, উদ্বেগ বা বিষণ্নতার মতো সমস্যার কারণ হতে পারে।
প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন–হোক তা ধ্যান, প্রার্থনা বা নীরব সময় কাটানো। এমনকি পাঁচ মিনিটের ধ্যানও শরীরের চাপ কমাতে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং মনকে শান্ত করতে সাহায্য করে। নিয়মিত যোগব্যায়াম মনোযোগ বাড়ায়, শরীরের জড়তা দূর করে এবং মানসিক প্রশান্তি এনে দেয়।
নিয়মিত ব্যায়াম করুন
শারীরিক সুস্থতার জন্য ব্যায়ামের বিকল্প নেই। নিয়মিত হাঁটা, দৌড়ানো বা হালকা স্ট্রেচিং শরীরকে সক্রিয় রাখে এবং নানা রোগের ঝুঁকি কমায়। নারীদের জীবনের বিভিন্ন পর্যায়ে–কৈশোর, মাতৃত্ব বা মেনোপজ–ব্যায়াম বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ব্যায়াম শরীরে এন্ডোরফিন তৈরি করে, যা প্রাকৃতিকভাবে ব্যথা কমায় এবং মন ভালো রাখে। গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হালকা ব্যায়াম করলে জটিলতা কমে। তবে অতিরিক্ত বা অনিয়ন্ত্রিত ব্যায়াম হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে, তাই ভারসাম্য বজায় রাখা জরুরি।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন
অনেক নারী সুস্থ বোধ করলেও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এড়িয়ে যান, যা ভবিষ্যতে বড় সমস্যার কারণ হতে পারে। বছরে অন্তত একবার সাধারণ স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
সময়মতো স্ক্রিনিং বা পরীক্ষা করলে অনেক রোগ প্রাথমিক পর্যায়েই শনাক্ত করা সম্ভব, ফলে চিকিৎসাও সহজ হয়।
নিজের যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয়, এটি প্রয়োজন। একজন সুস্থ নারীই পরিবার ও সমাজকে শক্ত ভিত্তি দিতে পারেন। তাই প্রতিদিনের ব্যস্ততার মাঝেও নিজের জন্য একটু সময় বের করুন–এই ছোট ছোট অভ্যাসই আপনাকে দীর্ঘমেয়াদে সুস্থ, আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত রাখবে।
/এসএল
.jpg)