ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
আন্তর্জাতিক ইয়োগা দিবসে বসুন্ধরা স্পোর্টস সিটিতে ‘ব্লেন্ডার’স চয়েস আনপ্লাগড’ আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার ভারতের ‘মাইকেল জ্যাকসন’, শাড়ি পরে মুনওয়াক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: তথ্যমন্ত্রী সততার মাপকাঠি কেমন হওয়া উচিত? সোনারগাঁয়ে শপিংমলে আগুন, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা পাবনার আটঘরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে  যুবকের মৃত্যু আরেক ধাক্কা খেলেন মমতা ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন অধ্যায়ের ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান সুন্দরবনে কুমিরের হামলায় নারী জেলের মৃত্যু সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছাল ১২৭ বার ব্রাজিলের প্রেসিডেন্টের জোক্সস, ‘ভাবছি মেসিকে ব্রাজিল দলে নিব’ প্রাথমিকে 'ম্যাথ ল্যাব' প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ উন্নয়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ব: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ পঞ্চগড়ে বালি-পাথরে পাওয়া গেলো মর্টার শেল অনুশীলনে ড্রোন আতঙ্ক, বিরক্ত কোরিয়ান কোচ হামে সিলেটে গত ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭১ রাবির জিএস আম্মারের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ মুন্সীগঞ্জে আরিফ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও থানায় বিক্ষোভ অগ্ন্যুৎপাতে বইছে আগুনের স্রোত, ভাইরাল ভিডিও স্নায়ুচাপ কাটিয়ে জয়ে চোখ মেক্সিকো কোচের গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক ঢাকার গুরুত্বপূর্ণ ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা বিধিনিষেধ আরোপ সময়ের দাবি রাঙামাটির বরকল সীমান্তে বিজিবির অভিযানে রসুন ও সার জব্দ নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে গণপিটুনি মেসিকে ছাড়িয়ে গেলেন হ্যারি কেইন রিজার্ভ চুরিতে জড়িত ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান, বাংলাদেশের ১০ জন কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু সীমানা পুনর্নির্ধারণের জন্য এনডিএর আর ৬ ভোট লাগবে
Nagad desktop

কক্সবাজারে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১০:৪২ এএম
কক্সবাজারে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
সমুদ্র সৈকতে শোভাযাত্রা শেষে ব্রাজিল সমর্থকরা। ছবি: খবরের কাগজ

পর্যটন শহর কক্সবাজারে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেল ৩টায় শহরের লাবনী মোড় থেকে শুরু হওয়া এ শোভাযাত্রা কলাতলির প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমুদ্র সৈকতে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেন শত শত ব্রাজিল সমর্থক। এ সময় তারা ব্রাজিলের জাতীয় পতাকা, জার্সি, ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রিয় দলের প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন। পুরো শহর উৎসবমুখর পরিবেশে পরিণত হয় এবং ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

শোভাযাত্রায় বক্তব্য দেন ব্রাজিল ফুটবল ফ্যানস কক্সবাজারের আয়োজক কানন বড়ুয়া বিশাল, সাংবাদিক ছৈয়দ আলম, জিএম ইকবাল হোসাইন ও অন্যরা।

বক্তারা ফুটবলের প্রতি নিজেদের ভালোবাসা এবং ব্রাজিল জাতীয় দলের প্রতি গভীর সমর্থনের কথা তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন, আসন্ন বিশ্বকাপে ব্রাজিল দল তাদের কাঙ্ক্ষিত ‘হেক্সা’ মিশনে সফল হবে।

স্থানীয়রা জানান, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে কক্সবাজারে প্রতি আসরেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিশেষ করে তরুণদের মধ্যে এ আয়োজন ব্যাপক উদ্দীপনা ও উচ্ছ্বাসের জন্ম দেয়।

সমুদ্র সৈকত ঘিরে আয়োজিত এই শোভাযাত্রা পর্যটক ও স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে এবং কক্সবাজারের ক্রীড়াপ্রেমী মানুষের আবেগ-উচ্ছ্বাসের এক অনন্য চিত্র ফুটিয়ে তোলে।

তারেকুর/আমান

সোনারগাঁয়ে শপিংমলে আগুন, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:৫৩ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৩:০৯ পিএম
সোনারগাঁয়ে শপিংমলে আগুন, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আল মদিনা শপিংমলে আগুনের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় শপিংমলের বেইসমেন্টে থাকা বৈদ্যুতিক মিটার ও বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে যায়। প্রাথমিকভাবে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে ।

সোনারগাঁও ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা জাহিদ চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে শপিংমলের বেইসমেন্টে থাকা বৈদ্যুতিক মিটার ও অন্যান্য ইলেকট্রিক সরঞ্জাম পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে শপিংমলের কয়েকজন দোকান মালিকের মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, মার্কেট থেকে উচ্ছেদ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়ে থাকতে পারে। দোকান মালিকদের দাবি, আগুন লাগার মাত্র একদিন আগে তাদের দোকান ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশ পাওয়ার পরদিনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় বিষয়টিকে তারা ‘রহস্যজনক’ বলে মনে করছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

তবে শপিংমলের মালিক মাজারুল ইসলাম নবী অভিযোগ নাকচ করে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি নিয়ে তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

ইমরান হোসেন/খাদিজা রুমি/

পাবনার আটঘরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে  যুবকের মৃত্যু

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:৫৩ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৩:৩৬ পিএম
পাবনার আটঘরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে  যুবকের মৃত্যু
ছবি: খবরের কাগজ

পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাৎ (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আক্তার নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে দেবোত্তর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেবোত্তর বাজারের আল-আরাফাহ ইসলামী ব্যাংকের অ্যাজেন্ট ব্যাংকিং আউটলেটের ছাদের ওপর জমে থাকা বৃষ্টির পানি নিচে আকুল স্টোরের ছাদে পড়ছিল। পানি পড়া বন্ধ করার উদ্দেশ্যে শাহাদাৎ ছাদে ওঠেন। একপর্যায়ে তার পা পিছলে নিচে থাকা বৈদ্যুতিক তারে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহাদাৎকে উদ্ধার করতে স্থানীয়রা এগিয়ে এলে ব্যবসায়ী আক্তার আহত হন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা শাহাদাতের মরদেহ উদ্ধার করে তার নিজ বাড়ি কদমডেঙা গ্রামে পৌঁছে দেন। আহত আক্তারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আমিনুল জুয়েল/তামান্না রুপা/ 

সুন্দরবনে কুমিরের হামলায় নারী জেলের মৃত্যু

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:৪৪ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৩:০৩ পিএম
সুন্দরবনে কুমিরের হামলায় নারী জেলের মৃত্যু
ছবি: খবরের কাগজ

সুন্দরবনের শেলা নদীতে মাছের পোনা ধরার সময় কুমিরের হামলায় এক নারী জেলে নিহত হয়েছেন। 

বুধবার (১৭ জুন) বিকেল পৌনে ছয়টার দিকে বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি এলাকায় এই ঘটনা ঘটে।

​নিহত সেলিনা বেগম (৫০) মোংলার চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়মনি গ্রামের বাসিন্দা এবং আব্দুল শেখের স্ত্রী।

​সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

​বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার( ১৭ জুন) বিকেলে সুন্দরবনের শেলা নদীর লঞ্চঘাট এলাকায় আরও দুই নারী জেলের সঙ্গে জাল টেনে মাছের পোনা ধরছিলেন সেলিনা বেগম। বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটের দিকে হঠাৎ একটি কুমির জাল থেকে উঠে এসে সেলিনাকে টেনে গভীর নদীর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

​এ সময় তার সঙ্গে থাকা অপর দুই নারী জেলে সাহসিকতার পরিচয় দেন। তারা পোনা ধরার জালে ব্যবহৃত কাঠের লাঠি দিয়ে কুমিরটিকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। এক পর্যায়ে কুমিরটি সেলিনা বেগমকে ছেড়ে দিয়ে পানিতে তলিয়ে যায়। পরে সন্ধ্যা ৬টার দিকে সহযাত্রী জেলেরা নদী থেকে সেলিনা বেগমের মরদেহ উদ্ধার করেন।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান জানান, বুধবার( ১৭ জুন) বিকেলে সুন্দরবনের শেলা নদীর লঞ্চ ঘাট এলাকায় নেট জাল টেনে পোনা ধরছিল পঞ্চাশোর্ধ নারী জেলে সেলিনা বেগম। এ সময় তার সঙ্গে আর দুই নারী জেলে সহযাত্রী ছিল। তখন হঠাৎ করে একটি কুমির সেলিনাকে টেনে নিয়ে যায়। পরে সহযাত্রী অপর দুই নারী জেলে কুমিরটিকে আঘাত করলে এক পর্যায়ে সেলিনাকে ছাড়তে সক্ষম হন। তবে নারী জেলেটি উদ্ধার হয় জীবিত নয়, মৃত। 

রিফাত আল মাহামুদ/খাদিজা রুমি/

পঞ্চগড়ে বালি-পাথরে পাওয়া গেলো মর্টার শেল

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:০৯ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০২:৩৯ পিএম
পঞ্চগড়ে বালি-পাথরে পাওয়া গেলো মর্টার শেল
ছবি: খবরের কাগজ

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বড় ঝিটকীখুড়া এলাকায় বালি পাথর উত্তোলনের সময় পাওয়া গেছে একটি পরিত্যক্ত মর্টার শেল।

বুধবার (১৭ জুন) সন্ধ্যায় ওই এলাকার মাঝিপাড়া ব্রিজ-সংলগ্ন চিলকা নদী থেকে বালু ও পাথর উত্তোলনের সময়ে মর্টার শেলটি খুঁজে পান শ্রমিকরা। মূল্যবান সম্পদ ভেবে তারা সেটি বাড়িতে নিয়ে যান। 

পুলিশ জানায়, ওই এলাকার শ্রমিক আনোয়ার হোসেন, ফেরদৌস ও মোমিনুল ইসলাম মর্টার শেলটি বাড়িতে নিয়ে আসার পর বিষয়টি এলাকায় জানাজানি হলে  তারা বড় ঝিটকীখুড়া এলাকায় আব্দুস সালামের বাড়ির কাছে সড়কের পাশে মর্টার শেলটি ফেলে রেখে যায়।

খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশে টহল দল মর্টার শেলটি থানায় নিয়ে যায়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, 'বালি, পাথর উত্তোলনের সময় পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলটি খুঁজে পায়। সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে এটি নিষ্ক্রিয় করবেন।'

রনি মিয়াজী/তামান্না রুপা/  

হামে সিলেটে গত ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭১

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০১:৫৯ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০২:০২ পিএম
হামে সিলেটে গত ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭১
ছবি: শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুরা

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হামে আক্রান্ত হয়ে ও হাম উপসর্গ নিয়ে ৭৪ শিশুর মৃত্যু হলো। নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ৪ জন। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে আরও ২ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। সেই সঙ্গে সন্দেহজনক রোগী হিসেবে নতুন ভর্তি হয়েছেন ৭১ জন।

বৃহস্পতিবার (১৮ জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় সিলেটের ওসমানীনগর উপজেলার ইলশাপুর গ্রামের দিপন পালের ৯ মাস বয়সী মেয়ে দিবানি পাল মারা যায়। একই হাসপাতালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চাতুরবাগ, বিলাইউরি গ্রামের মনোয়ারের ২ মাস ২৪ দিন বয়সী ছেলে রাইয়ান মারা যায়।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ জুন পর্যন্ত মোট ৩২৫ জনের পরীক্ষাগারে হামের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে হবিগঞ্জে ২৪ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ১৭৮ জন এবং সিলেট জেলায় ১০৭ জন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মোট ২৬৮ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ১০০ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ৭৫ জন ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ও ৩২ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।

শাকিলা ববি/খাদিজা রুমি/