ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি (USET) এবং এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার (FBCCI IRC) এর মধ্যে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি এর উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার এ.কে.এম ফজলুল হক, এফবিসিসিআই আইআরসি এর সভাপতি মো. জসীম উদ্দিন, এফবিসিসিআই আইআরসি-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী বাবু।
সমঝোতা স্মারকে ইউসেট এর রেজিস্ট্রার মোশাররাফ হোসাইন এবং এফবিসিসিআই আইআরসি এর সিইও বিকর্ণ কুমার ঘোষ উভয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মাক্ষর করেন। সমঝোতা স্মাক্ষর অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাংকের পরিচালক, নির্বাহী পরিচালক, এনজিও, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং দেশের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
এই চুক্তির মাধ্যমে যৌথ গবেষণা কার্যক্রম, শিল্প উদ্ভাবন, দক্ষতা উন্নয়নমূলক প্রোগ্রাম, ইউসেট এর মেধাবী শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ এবং যৌথভাবে সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। একইসঙ্গে যৌথ একাডেমিক কার্যক্রম উন্নয়ন এবং উদ্যোক্তা সৃষ্টির জন্য প্ল্যাটফর্ম গড়ে তোলার উপর গুরুত্ত্বারুপ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সহযোগিতা একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।
এই সমঝোতা স্মারকটি বাংলাদেশকে পঞ্চম শিল্প বিপ্লবের (5th Industrial Revolution) জন্য প্রস্তুত করতে শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং মানব দক্ষতা, উদ্ভাবন ও প্রযুক্তির সমন্বয়ে নতুন সুযোগ সৃষ্টি হবে। ইউসেট ও এফবিসিসিআই আইআরসি যৌথভাবে দক্ষ স্নাতক ও ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করে দেশকে এই নতুন শিল্প বিপ্লবের যুগে এগিয়ে নিতে যৌথভাবে একযোগে কাজ করবে।
এছাড়াও এই অংশীদারত্ব বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে নিতে গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে কার্যকরভাবে সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।