শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক পর্ষদের ৪০৪তম সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ ইউনুছ ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একই সভায় মহিউদ্দিন আহমেদ ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান পুনর্নির্বাচিত এবং ফকির আখতারুজ্জামান ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
মোহাম্মদ ইউনুছ ১৯৫৮ সালে মুন্সীগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। শিল্পপতি মোহাম্মদ ইউনুছ তিন দশকের অধিক সময় যাবৎ কাগজ, আইটি, ইন্স্যুরেন্স, মার্চেন্ট ব্যাংক, এগ্রো সেক্টর, রাবার, বস্ত্র ও হিমাগার শিল্প-বাণিজ্যের সাথে জড়িত। তিনি সোবহান আইস অ্যান্ড কোল্ড স্টোরেজ লি., ইউনুছ কোল্ড স্টোরেজ লি., অনন্ত পেপার মিলস্ লি., ইউনুছ পেপার মিলস্ লি., ইউনুছ ফাইন পেপার মিলস্ লি., ইউনুছ স্পিনিং মিলস্ লি., ইউনুছ নিউজপ্রিন্ট মিলস্ লি. এবং ইউনুছ অফসেট পেপার মিলস্ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক।
তিনি অনলাইন সংবাদপত্র সোনালী নিউজ ডট কম-এর প্রকাশক। তিনি দৈনিক নয়াদিগন্ত পত্রিকা ও দিগন্ত টেলিভিশনের সাথে সম্পৃক্ত।
ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য। তিনি গ্যালাক্সি ফ্লাইং একাডেমি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তাছাড়া তিনি বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) ভাইস প্রেসিডেন্ট।
ইউনুছ বহু সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত রয়েছেন।
পুনর্নির্বাচিত ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ১৯৫৫ সালে ঢাকা জেলার বংশালে জন্মগ্রহণ করেন। তিনি চার দশক যাবৎ ব্যবসা-বাণিজ্যের সাথে সম্পৃক্ত। মহিউদ্দিন আহমেদ রূপসা ট্রেডিং কর্পোরেশন এবং মহিউদ্দিন অটো হাউজের স্বত্বাধিকারী। তাছাড়া তিনি প্যাসিফিক অটোমোবাইলস-এর চেয়ারম্যান।
তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের ভাইস-চেয়ারম্যান ও ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লি.-এর একজন স্পন্সর শেয়ার হোল্ডার।
তিনি সাউথইস্ট ইউনিভার্সিটি এর প্রাক্তন ভাইস-চেয়ারম্যান এবং গভর্নিং বোর্ডের সদস্য। তাছাড়া তিনি বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) প্রাক্তন পরিচালক। মহিউদ্দিন আহমেদ বহু সামাজিক ও কল্যাণমূলক প্রতিষ্ঠানের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত রয়েছেন। তাছাড়া শিক্ষা ও স্বাস্থ্যসেবায় তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।
পরিচালক পর্ষদের নির্বাচিত অপর ভাইস-চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান ১৯৫৬ সালে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার পাঁচরুখীতে জন্মগ্রহণ করেন। পড়াশোনা শেষ করে ব্যবসা শুরু করেন। ব্যবসা-বাণিজ্যে তিন দশকের অধিক অভিজ্ঞতা তাকে একজন সফল নিট গার্মেন্টস ব্যবসায়ী হতে সহায়তা করে। ফকির আখতারুজ্জামান দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাফল্যে সমৃদ্ধ নিট গার্মেন্টস জগতের পথপ্রদর্শক ফকির নিটওয়্যারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তার তত্ত্বাবধায়নে ফকির নিটওয়্যারস লিমিটেড বহুবার জাতীয় রপ্তানি ট্রফি (গোল্ড, সিলভার) অর্জন করেন।
দেশের জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ধারাবাহিকভাবে সিআইপি মনোনীত হয়ে আসছেন। সেই সাথে তিনি এফকেএল স্পিনিং লিমিটেড, জামান এগ্রো ফিশারিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়াও তিনি ফকির ইকো নিটওয়্যারস লিমিটেডের চেয়্যারম্যান এবং সেন্ট্রাল হাসপাতাল লিমিটেড, ঢাকা এর পরিচালক।
ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবা ক্ষেত্রেও তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি পারিবারিকভাবে প্রতিষ্ঠিত নারায়ণগঞ্জের পাঁচরুখী হাজী সাহেব আলী ফকির হাই স্কুল, পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ এবং মাদরাসা দারুল হাদিস সালাফিয়াহ’র পরিচালনা করে আসছেন।
এছাড়া তিনি বিজিএমইএ, বিটিএমইএ, পূর্বাচল ক্লাব এবং অল কমিউনিটি ক্লাবের সম্মানিত সদস্য। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা।
বিজ্ঞপ্তি/