সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুক (৪৭) ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমানকে পৃথক অভিযানে গ্রেপ্তার করেছে র্যাব-৯। শনিবার রাত ১১টা ২০ মিনিটের সময় সিলেট নগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই দিনে বেলা ১টার দিকে ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকায় র্যাব-৯ ও র্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে র্যাব ৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিলেট, সিপিএসসি এর একটি আভিযানিক দল শনিবার রাত ১১টা ২০ মিনিটে সিলেট জেলার কোতোয়ালি থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় নাশকতা মামলা (এসএমপি, সিলেট এর কোতোয়ালি থানার এফআইআর নং-৩৪/৩৮৯, তারিখঃ ২৮ আগস্ট ২০২৪ ইং, ধারাঃ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ তৎসহ ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/১১৪/৩৪ দণ্ড বিধি আইন ১৮৬০;) এর মূলে পলাতক আসামি গোলাম কিবরিয়া মাসুককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার আসামি সিলেট জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুক (৪৭)। তিনি সিলেট নগরের শেখঘাট কলাপাড়া দুর্বার-১০ নম্বর বাসার মৃত গোলাম হোসেনের ছেলে।
অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, র্যাব-৯ ও র্যাব-১৪ এর যৌথ অভিযানে শনিবার দুপুর ১টায় ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় নাশকতা মামলা (এসএমপি, সিলেটের কোতোয়ালি থানার এফআইআর নং-১৫/৩৭০, তারিখঃ ২০ আগস্ট ২০২৪ ইং, ধারা- ১৪৩/ ১৪৭/ ১৪৮/ ৩২৪/ ৩০৭/ ৩০২/ ৩৪ দণ্ড বিধি আইন ১৮৬০;) এর পলাতক আসামি খলিলুর রহমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান (২৫)। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার শিবপুর গ্রামের মো. আবদুল আউয়ালের ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত দুই আসামিকে এসএমপি, সিলেটের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
শাকিলা ববি/এমএ/