কুষ্টিয়া আদালত চত্বরে ছয় বছর আগে সাংবাদিক মাহমুদুর রহমানের ওপর হামলা করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (১০ অক্টোবর) কুষ্টিয়া মডেল থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছেন তিনি।
মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী, কুষ্টিয়ার তৎকালীন পুলিশ সুপার মেহেদী হাসানসহ ৪৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলা দায়েরের পর সাংবাদিকদের আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ‘২০১৮ সালের ২২ জুলাই আমার ওপর হামলা করা হয়। সেই ঘটনার মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করেছি। আশা করব ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আইনের আওতায় আনবে সরকার।’
এ সময় কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিমুল হাসান অপু, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক এ এম জোবায়েদ রিপনসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। পরে কুষ্টিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে মাহমুদুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক সম্পর্কে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে মাহমুদুর রহমানের বিরুদ্ধে তৎকালীন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষার মামলা করেন। ওই মামলায় জামিন পেতে ২০১৮ সালের ২২ জুলাই কুষ্টিয়া আদালতে যান মাহমুদুর রহমান। শুনানির পর আদালত তার জামিন মঞ্জুর করেন। সেদিন ছাত্রলীগের নেতা-কর্মীরা আগে থেকে আদালত চত্বরে অবস্থান নেন। জামিন মঞ্জুরের পর তারা মাহমুদুর রহমানকে আদালতের একটি কক্ষে অবরুদ্ধ করে ফেলেন। একপর্যায়ে সেখান থেকে বেরিয়ে তিনি নিজের গাড়িতে ওঠার চেষ্টা করেন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা তার ওপর হামলা করেন। এতে রক্তাক্ত হন মাহমুদুর রহমান।
মিলন উল্লাহ/এমএ/