কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা বাগানের কাছে এ ঘটনা ঘটে।
কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মৃতের নাম তাহেরা বেগম (৬০)। তিনি ওই এলাকার সুলতান আহমদের স্ত্রী।
মেহেরাজ উদ্দিন বলেন, রাতে পার্শ্ববর্তী পাহাড় থেকে একটি বন্যহাতি লোকালয়ে আসার খবর ছড়িয়ে পড়ে। এ সময় প্রতিবেশিদের তিনি হাতি দেখতে গিয়ে এর সামনে পড়ে যান। এ সময় হাতিটি তাকে শুঁড় দিয়ে আটকে পা দিয়ে পিষে মেরে ফেলে।
এই বন কর্মকর্তা বলেন, হাতিটি তাহেরা বেগমকে পিষে দিয়ে অন্যত্র চলে যায়। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
এ ঘটনায় চকরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে ।
রাজু/সুমন বিশ্বাস/অমিয়/