সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে আরেকটি মামলা করা হয়েছে। এ মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৫০ নেতা-কর্মীসহ আসামি করা হয়েছে অজ্ঞাত প্রায় ২০০ জনকে।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে সিলেট নগরীর ঘাসিটুলা এলাকার বাসিন্দা মো. বোরহান উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় এই মামলা করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি পিযুষ কান্দি দে, জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন জাকির, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম ওরফে পাথর শামীম, নগরের ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিপন, মহানগর ছাত্রলীগ নেতা ইমন প্রকাশ ওরফে ডেলডেলা ইমন।
বাদী মো. বোরহান উদ্দিন উল্লেখ করেন, ৪ আগস্ট বিকেল ৫টার দিকে মহানগরের বন্দরবাজার এলাকায় ছাত্র-জনতা মিছিল বের করলে তার ভাই মিজান (১৮) এতে অংশ নেন। এ সময় মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে বন্দুক, কাটা রাইফেল, ককটেল, রামদা, লাঠি ও লোহার রডসহ বিভিন্ন অস্ত্র নিয়ে মিছিলে হামলা চালালে মিজানের চোখে গুলি লাগে। পরে ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে আসামিরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর জখম অবস্থায় মিজানকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মিজানের ডান চোখ অন্ধ হয়ে গেছে।
মেহেদী/সালমান/