গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে নিহত তিন শিক্ষার্থীর দাফন রবিবার (২৪ নভেম্বর) সম্পন্ন হয়েছে। এরা হলেন মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)। রাজশাহী, রংপুর ও ফেনীতে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
গত শনিবার সকালে গাজীপুরের শ্রীপুরে ওই দুর্ঘটনা ঘটে। অন্যদিকে যাদের গাফিলতির কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, অবিলম্বে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষার্থীর স্বজন ও সহপাঠীরা। তিন শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সাত কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রতিনিধিদের খবর-
সাকিবকে রাজশাহীতে দাফন
রাজশাহী: শিক্ষার্থী জোবায়ের আলম সাকিবকে তার গ্রামের বাড়ি রাজশাহীর পবা উপজেলার মুরারিপুর গ্রামে দাফন করা হয়। সকাল ১০টায় তার জানাজায় অংশ নেন সহপাঠী, বন্ধু, স্বজনসহ গ্রামের হাজারও মানুষ। নিহত সাকিবের মা ফজলেতুন্নেসা সেফা মুরারিপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। আর তার বাবা জাহাঙ্গীর আলম অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। সাকিব রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে ২০১৯ সালে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেন। ২০২১ সালে রাজশাহী সরকারি সিটি কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেন। এরপর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) ভর্তি হন। বর্তমানে তিনি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
দাদা-দাদির কবরের পাশে শায়িত নাঈম
ফেনী: আইইউটি তৃতীয় বর্ষের শিক্ষার্থী মীর মোজাম্মেল হোসেন নাঈমকে (২৩) রবিবার সকালে ফতেহপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে দাদা-দাদির কবরের পাশে দাফন করা হয়। নাঈম ফতেহপুর গোলাম নবী ভূঁইয়া বাড়ির সন্তান। মেধাবী নাঈমকে দেশসেরা প্রকৌশলী বানানোর স্বপ্ন ছিল তার মা-বাবার। এমন মৃত্যুর জন্য বিদ্যুৎ কর্তৃপক্ষকে দায়ী করেন স্বজনরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্ত শাস্তি দাবি করেছেন তারা।
রংপুর: মুবতাছিন রহমান মাহিনকে রবিবার বাদ জোহর রংপুর মহানগরীর জুম্মাপাড়ার নুরুল উলুম করিমিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হয়। জানাজা ও দাফনে তার সহপাঠী, স্বজন, পাড়া-প্রতিবেশীসহ অসংখ্য মানুষ অংশ নেন। এর আগে শনিবার দিবাগত রাত দেড়টায় মাহিনের কফিনবাহী অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় রংপুর মহানগরীর জুম্মাপাড়ার বাড়িতে। এ সময় স্বজন, পাড়া-প্রতিবেশীদের মধ্যে শোকের ছায় নেমে আসে।
পল্লী বিদ্যুতের ৪ কর্মকর্তা ও ৩ লাইনম্যান সাময়িক বরখাস্ত
গাজীপুর: এদিকে বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সাত কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১১টায় এ তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার (জিএম) আকমল হোসেন। তিনি বলেন, পিকনিক বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থী মৃত্যুর পর পরই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। রাতে এ ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম, সদর-কারিগরি) কমলেশ চন্দ্র বর্মণ, মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) খোন্দকার মাহমুদুল হাসান, এজিএম তানভীর সালাউদ্দিন, জুনিয়র ইঞ্জিনিয়ার মতিউর রহমান, লাইনম্যান পারভেজ মিয়া শাখাওয়াত হোসেন ও আবুল কাশেমকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।
শনিবার সকালে গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রায় ৪৬০ জন শিক্ষার্থী বিআরটিসির ডাবল ডেকার বাসে করে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের মাটির মায়া ইকো রিসোর্টের উদ্দেশে রওনা দেন। গাড়িবহরে বিআরটিসির ডাবল ডেকারের ছয়টি বাস, তিনটি মাইক্রোবাস ছিল। একপর্যায়ে বিআরটিসির ডাবল ডেকার একটি বাস পল্লী বিদ্যুতের তারে স্পর্শ হয়। এতে কয়েকজন বিদ্যুৎপৃষ্ট হন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তিন শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। আরও তিনজন গুরুতর আহত হন। এ ঘটনায় গাজীপুর জেলা প্রশাসনের পক্ষে তিন সদস্য ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মাহফুজ/