ফেনীতে ব্যতিক্রমী আয়োজনে দেশি-বিদেশি বিড়াল প্রদর্শনী এবং বিড়ালের র্যাম্প শো অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে শহরের একটি কনভেনশন হলে ফেসবুক গ্রুপভিত্তিক সংগঠন ফেনী অ্যানিমেল লাভারস এর উদ্যোগে ‘ক্যাট শো সিজন-২’ শিরোনামে আয়োজিত এ প্রদর্শনী প্রাণীপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রদর্শনীতে দেশি-বিদেশি তিনটি জাতের মোট ৬০টি বিড়াল প্রদর্শিত হয়। প্রতিযোগিতায় বিড়ালের সাজ, ফিটনেস, আকার এবং জাতের ওপর ভিত্তি করে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠান আয়োজক ও ফেনী অ্যানিমেল লাভারস'র সিইও সাইমুন ফারাবী বলেন, ফেনীতে এর আগেও এ ধরনের আয়োজন করা হয়েছিল যা প্রাণীপ্রেমীদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিল। তবে এবার আমরা আরও বড় পরিসরে এবং নতুন মাত্রায় আয়োজন করার চেষ্টা করেছি। আমাদের মূল লক্ষ্য হলো পশুর প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলানো, নিষ্ঠুরতা বন্ধ করা এবং ভালোবাসা ও সহানুভূতির পরিবেশ তৈরি করা।
তিনি আরও বলেন, এটি কেবল বিড়াল প্রদর্শনী নয় এটি পশুদের অধিকার এবং তাদের প্রতি মানবিক আচরণের গুরুত্ব নিয়ে জনসচেতনতা বৃদ্ধির একটি প্রচেষ্টা। আমরা এ প্রদর্শনীর মাধ্যমে পৃথিবীতে পশুরাও আমাদের সহবাসী এবং তারা আমাদের ভালোবাসা ও যত্নের দাবিদার বিষয়টি তুলে ধরতে চেয়েছি। এ ধরনের আয়োজন শুধুমাত্র ফেনীতে নয়, বরং সারাদেশে প্রাণীদের প্রতি সদয় মনোভাব তৈরি করতে ভূমিকা রাখবে।
প্রদর্শনীতে নিজের বিড়াল নিয়ে আসা মারজানা নাবিলা বলেন, বিড়াল পালতে আমার খুব ভালো লাগে। বাসায় যখন একা থাকি তখন বিড়ালের সঙ্গেই সময় কাটাই। এর সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমার দিনকে আরও সুন্দর করে তোলে।
মল্লিকা নামে আরেক বিড়ালপ্রেমী বলেন, আমি ছোটবেলা থেকেই বিড়াল লালন-পালন করে আসছি। ক্যাট শোতে এটি আমার দ্বিতীয়বার অংশগ্রহণ। এখানে এসে খুবই আনন্দিত।
বিড়াল দেখতে এসে দারুণ খুশি ছোট্ট নাজিয়া। উচ্ছ্বাস প্রকাশ করে সে জানায়, ক্যাট শোতে এসে এত রকমের বিভিন্ন জাতের ও বৈচিত্র্যময় বিড়াল একসঙ্গে দেখার সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত। আগে কখনো এমন সুন্দর, মনোমুগ্ধকর ও নানা ধরনের বিড়াল দেখার অভিজ্ঞতা হয়নি।
ইয়াসির সাইমুন নামের এক দর্শনার্থী বলেন, প্রথমবারের মতো এমন আয়োজনে এসেছি। এখানে এসে জানতে পেরেছি যে, ফেনীতে আগেও এমন ভিন্নধর্মী আয়োজন করা হয়েছিল। বিড়াল নিয়ে যে এমন আয়োজন করা যেতে পারে সেটা সত্যিই ভাবনার বাইরে ছিল।
অনুষ্ঠানে ফেনীর বিভাগীয় বন কর্মকর্তা (সদর রেঞ্জ) বাবুল চন্দ্র ভৌমিক বলেন, ক্যাট শো একটি ভিন্নধর্মী আয়োজন। এখানে প্রাণীপ্রেমীরা তাদের প্রিয় প্রাণীকে সাজিয়ে তুলে ধরেন, যা প্রাণীপ্রতি ভালোবাসা ও যত্নের প্রকাশ। এটি একটি দারুণ অভিজ্ঞতা এবং মানুষের মধ্যে পশু-প্রাণীর প্রতি সজাগতা ও ভালোবাসা বৃদ্ধি করে। আমাদের সকলের উচিত প্রাণীর প্রতি যত্নশীল হওয়া।
নিলয়/মেহেদী