বান্দরবানের রুমায় বাস ধাক্কায় মথি ত্রিপুরা (৯) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। মথি রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল বলে জানা গেছে। এই ঘটনার পর বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। পরে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মথি ত্রিপুরা ২নং সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আনন্দ পাড়ার রুদ্রিয়া ত্রিপুরা ছেলের।
স্থানীয়রা জানান, স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে রুমা বাজার থেকে আগত বাসের আঘাতের শিকার হয় মথি ত্রিপুরা। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে রুমা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. পাপিয়া দাশ বলেন, ‘বাস দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, ‘বাসের চাপায় এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’
এদিকে ঘটনাস্থল থেকে বাস ও চালককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
তদন্ত শেষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান মো. সোহরাওয়ার্দী।
রিজভী রাহাত/নাইমুর/