স্বাস্থ্য খাত সংস্কারে পূর্ণাঙ্গ রায় ও ৫ দফা দাবি আদায় না হলে সারা দেশের সকল মেডিকেল কলেজের সঙ্গে একাত্মতা পোষন করে আগামীকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) থেকে অনির্দিষ্টকালের জন্য ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন সিলেটের ইন্টার্ন চিকিৎসকরা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১২টায় টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালনরত অবস্থায় সিলেট সিভিল সার্জন অফিসের সামনে অবস্থান কর্মসূচী পালনকালে এ হুঁশিয়ারি দেন তারা।
এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ, 'নামসর্বস্ব' ম্যাটসের কার্যক্রম বন্ধ, বিসিএস পরীক্ষায় বয়স বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকগণ। এই আন্দোলনের অংশ হিসেবে রবিবার (২৩ ফেব্রুয়ারি) থেকে কর্মবিরতি পালন করেছেন তারা। ফলে হাসপাতালে রোগীদের সেবায় ব্যাঘাত ঘটছে। হাসপাতালের বিভিন্ন বিভাগের স্থায়ী চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন।
এদিকে ইন্টার্ন চিকিৎসকরা সিভিল সার্জন অফিসের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করে সিভিল সার্জন বারবার একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি গ্রহণ করেন সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী। এসময় তিনি সকল ইন্টার্ন চিকিৎসকদের চিকিৎসা সেবা চালিয়ে যাওয়ার অনুরোধ করেন।
শাকিলা ববি/সিফাত/