সিলেটে তিনটি বালিহাঁসসহ একজন পাখি বিক্রেতাকে আটক করেছে বন বিভাগ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় সিলেট নগরীর টিবি গেইট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক পাখি বিক্রেতাকে আদালতের মাধ্যমে জেল কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা) সিলেটের সদস্য সচিব আব্দুল করিম কিম সিলেট নগরীর টিবি গেইট এলাকা দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে শিল্পকলার সামনে আসলে তিনি দেখেন একজন পাখি বিক্রেতা তিনটি বালিহাঁস নিয়ে যাচ্ছে। তখন তিনি ওই পাখি বিক্রেতাকে আটকে সিলেট বনবিভাগকে খবর দেন। পরে ওয়াইল্ড লাইফ রেঞ্জার সিলেট টাউন রেঞ্জ কর্মকর্তা শহিদুল্লাহর নেতৃত্বে বন বিভাগের একটি টিম শিল্পকলার সামনে এসে পাখি বিক্রেতাকে আটক করে ও তিনটি বালিহাঁস জব্দ করে।
আটক ব্যক্তির নাম মনছুর। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
আব্দুল করিম কিম খবরের কাগজকে বলেন, শীতকালে সিলেটে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি আসে। তখনই শিকারিদের দৌরাত্ম্য বেড়ে যায়। তাই প্রতিনিয়ত সিলেটে পাখি আসা কমে গেছে। এই পাখি শিকার ঠেকাতে কঠোর আইনের পাশাপাশি জনগণের সচেতনতা বাড়াতে সরকারকে আরও গুরুত্ব সহকারে কাজ করতে হবে।
এ ব্যাপারে ওয়াইল্ড লাইফ রেঞ্জার সিলেট টাউন রেঞ্জ কর্মকর্তা শহিদুল্লাহ খবরের কাগজকে বলেন, পরিবেশ কর্মী আব্দুল করিম কিমের তথ্যরে ভিত্তিতে আমরা গিয়ে পাখি শিকারিকে আটক করি ও তিনটি বালি হাঁস জব্দ করি। পাখি শিকারিকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আদালত পাখি তিনটিকে অবমুক্ত করার কথা বলেছেন। কিন্তু এই অবমুক্তির অনুমতি আসতে রাত হয়ে যায়। তাই পাখিগুলো আমারা নিরাপদ স্থানে রেখেছি। সকালে অবমুক্ত করে দেব।
শাকিলা ববি/মাহফুজ