পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের লেম্বুর বন এলাকা থেকে ৪ লাখ পিস ইয়াবাসহ ১৬ জন মাদক পাচারকারীকে মাছ ধরার একটি ট্রলারসহ আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে কুয়াকাটার সূর্যাস্ত পয়েন্ট লেম্বুর বন এলাকায় র্যাব ও কোস্টগার্ডের যৌথ অভিযানে এফবি মায়ের দোয়া নামের একটি ফিশিং ট্রলারে অভিযান চালিয়ে সাদা পলিতে হলুদ স্কচটেপে মোড়ানো অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ও র্যাবের যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করে, এফবি মায়ের দোয়া নামের একটি ফিশিং ট্রলারে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা এবং সমু্দ্র মোহনায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আরও ৩ লাখ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
ইয়াবা পাচারকারীরা হলেন- নবি হোসেন (৫৩), মনির উদ্দিন (৪৮), সোয়দ আলম (৩৭), মোফাচ্ছেল হোসেন (৬০), মোবারক হোসেন (৪৫), ছবুর আহম্মদ (৫৪), সেলিম মাঝি (৪২), ওমর ফারুক (২৮), তহিদুল আলম (৪৮), আবু তালেব (৪০), আব্দুল নবী (৩০), ফজলে করিম (৪০), মোস্থাক আহম্মদ (৪৮), আব্দুল খালেক (৪০), আলফাত (৩০), এবং খলিল আহম্মদ (৩৯)।
আটকরা নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ চক্রটি সমুদ্র পথে দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত বলে কোস্টগার্ড সদস্যরা জানান। তবে এ চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করতে পারা যায়নি এবং তাকে চিহ্নিতও করা যায়নি।
কোস্টগার্ড জানায়, গ্রেপ্তার ১৬ মাদক পাচারকারী, জব্দ ট্রলার ও উদ্ধার করা চার লাখ পিস ইয়াবা মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ডের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানান।
মো. হাসিবুর রহমান/মাহফুজ