মুন্সীগঞ্জের গজারিয়ায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী কাঠমিস্ত্রিকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া পূর্ব নয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আটক কাঠমিস্ত্রির নাম ইয়াসিন (৪৫)।
খবর নিয়ে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই শিশুটি বাড়ির পাশে একটি দোকানে কেক কেনার জন্য যায়। এ সময় ওই দোকানে বসে ছিলেন ইয়াসিন। কেক কিনে বাড়ি ফেরার পথে নির্জন জায়গায় শিশুটিকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে সে। এ সময় শিশুটির আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ইয়াসিন কৌশলে পালিয়ে যায়।
ঘটনাটি জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অভিযুক্ত ইয়াসিনের শাস্তির দাবিতে রাস্তায় নেমে আসে মানুষ। এলাকাবাসী একজোট হয়ে ইয়াসিনের বাড়িঘরে হামলার চালাতে পারে এমন খবরে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্ত ইয়াসিনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ জানান, 'এ ঘটনায় অভিযুক্ত ইয়াসিনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। বর্তমানে পরিস্থিতি শান্ত।’
জোবাইদা/