সিলেটের এয়ারপোর্ট থানার একই পথে আম্বরখানা ফাঁড়ি পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ১৭ ঘন্টার ব্যবধানে দুটি ট্রাকে ১৭০ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে। এ ছাড়া দুটি ট্রাক জব্দ ও একটি ট্রাকের মালিক ও চালককে গ্রেপ্তার করেছে।
রবিবার (২৭ এপ্রিল) রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে।
এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম খবরের কাগজকে জানান, রবিবার সকাল ছয়টায় ও শনিবার দুপুর একটায় পৃথক দুটি অভিযানে চোরাই চিনি জব্দ ও দুজনকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা পুলিশ ফাঁড়ির এসআই মো. মাসুদ মিয়ার নেতৃত্বে টহল পুলিশ দল কোম্পানীগঞ্জ টু সিলেট শহরগামী রোডে বড়শালা বাইপাসের সামনে একটি ট্রাককে থামার সিগন্যাল দেয়। ট্রাকটি পুলিশের সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইনগেট দিয়ে মালনীছড়া চা বাগানের ভেতরে ঢোকে। পুলিশ ধাওয়া করলে ট্রাকটি একপর্যায়ে রাস্তার এক পাশে দাঁড় করিয়ে চালকসহ দুজন পালিয়ে যান। ট্রাকটি (রেজি. নং-ঢাকা মেট্রো-ট-১৫-০৭০৫) তল্লাশি করে ত্রিপল দিয়ে মোড়ানো ১২৫ বস্তায় ছয় হাজার ১২৫ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। এসব চিনির মূল্য প্রায় সাত লাখ ৩৫ হাজার টাকা। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি মামলা করা হয়েছে।
এর আগে একই এলাকায় শনিবার (২৬ এপ্রিল) দুপুর একটার দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আব্দুল আজিজের নেতৃত্বে পুলিশ দল বাইপাস মোড়ে এয়ারপোর্ট টু আম্বরখানা রাস্তায় অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে ৪৫ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করে। দুই হাজার ২০৫ কেজি চিনির মূল্য প্রায় দুই লাখ ৬৪ হাজার ৬০০ টাকা নির্ধারণ করে জব্দ করা হয়। চোরাই চিনি পরিবহনে জড়িত থাকার অভিযোগে ট্রাকচালক মালিক ইসমাইল আলীকে (৭০) ও ট্রাকচালক সেলিম আহমদকে (৩২) আটক করে এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখানো
হয়েছে।
মেহেদী/