ঝিনাইদহের মহেশপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রিয়াজ (২০) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ মে) রাতে উপজেলার কুসুমপুর বিওপির পিপুলবাড়িয়া সীমান্তে এ ঘটনা ঘটে।
আহত রিয়াজ উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
রিয়াজের চাচাতো ভাই সুমন জানান, বৃহস্পতিবার রাতে রিয়াজ সীমান্তের খালের ধারের মাঠের জমিতে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য যান। সেসময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে । এতে গুলিবিদ্ধ হয়ে রিয়াজ অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা গুলির শব্দ শুনে মাঠে গিয়ে রিয়াজকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে রাতেই রিয়াজকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করানো হয়।
যশোর ২৫০ শয্যা হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ইমন হোসেন জানান, রিয়াজের শরীর থেকে ছররা গুলির কিছু অংশ বের করা হয়েছে। তবে একটি গুলি কিডনির পাশ দিয়ে ঢুকে গেছে।
রিয়াজের অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন।
রিয়াজের স্বজনরা জানান, শুক্রবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, রিয়াজ হোসেন নামে একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন এমন কোনো তথ্য বিজিবির জানা নেই।
এরআগে এই সীমান্তে ওবায়দুল ও ওয়াসিম নামে ২ বাংলাদেশিকে বিএসএফ গুলি করে হত্যা করে। দীর্ঘদিন পার হয়ে গেলেও তাদের মরদেহ এখনো ফেরত দেয়নি বিএসএফ।
মাহফুজুর রহমান/সুমন/