রাঙামাটি কাপ্তাইয়ে বন্যহাতির পাল তাণ্ডব চালিয়েছে। এ সময় ঘর থেকে পালিয়ে গিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন এক পরিবারের সদস্যরা।
রবিবার (২৫ মে) রাত ৮টার সময় উপজেলার চিৎমরম ইউনিয়নের ৫নং ওয়ার্ড মুসলিমপাড়া এলাকার আবু তাহেরের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
আবু তাহের বলেন, ‘রাতে বন্যহাতির পালের একটি হাতি পেছন থেকে ঘরে প্রবেশ করে ঘর ও আসবাবপত্র ভেঙে তছনছ করে সামনের দিকে বাইর হয়ে যায়। এ সময় প্রাণভয়ে আমরা দ্রুত ঘর থেকে বের হয়ে যাই। একটুর জন্য পরিবারের সবাই প্রাণে রক্ষা পাই। আমরা এখন খোলা আকাশের নিচে বসবাস করছি।’
চিৎমরম ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য সিরাজুল ইসলাম বলেন, ‘অসহায় গরিব ঘাটমাঝি আবু তাহের। তার ঘর ও আসবাবপত্র ভেঙে তছনছ করে দিয়েছে হাতি। ক্ষতির পরিমাণ প্রায় ২ লাখ টাকা।’
মুসলিমপাড়ার বাসিন্দারা জানান, প্রতিনিয়ত বন্যহাতির পাল এসে তাদের আক্রমণ করছে। তারা সব সময় হাতির আক্রমণের আতঙ্কে থাকেন। স্থানীয় বন বিভাগ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে জানমালের ক্ষয়ক্ষতি রোধ করা যাবে না।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই কর্ণফুলী রেঞ্জের রেঞ্জ অফিসার সহকারী বন সংরক্ষক আবু কাউসার বলেন, ‘আমরা রাতে খবর পেয়েছি। স্থানীয় বিট অফিসার ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত খোঁজ খবর নিবেন। এ বিষয়ে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’