সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলসহ ছয়টি আবাসিক হলের নাম পরিবর্তন ও সংশোধন করা হয়েছে।
রবিবার (১ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আসাদ উদ দৌলার স্বাক্ষরিত এক পরিপত্রে বিষয়টি জানানো হয়।
নতুন প্রশাসনিক আদেশ অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তিনটি আবাসিক হলের নাম পরিবর্তন এবং তিনটি হলের পূর্বের নাম পুনর্বহাল করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি কলেজ আমলে নামকরণকৃত এম. সাইফুর রহমান হল, শহিদ জিয়া হল ও দুরর-এ সামাদ রহমান হল এর নাম পরিবর্তন করে রাখা হয়েছিল যথাক্রমে শাহ এ এম এস কিবরিয়া হল, হুমায়ুন রশীদ চৌধুরী হল ও সুহাসিনী দাস হল। এবার নতুন সিদ্ধান্ত অনুযায়ী পূর্বের নামগুলো পুনর্বহাল করা হয়েছে।
অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, আব্দুস সামাদ আজাদ হল এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, এই তিনটি হলের নাম পরিবর্তন করে যথাক্রমে হযরত শাহজালাল (রহ.) হল, জেনারেল এম. এ. জি ওসমানী হল এবং সুহাসিনী দাস হল রাখা হয়েছে।
২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত গণঅভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের জোরালো দাবির প্রেক্ষিতে গঠিত একটি কমিটির সুপারিশ এবং বিশ্ববিদ্যালয়ের ৪৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নাম পরিবর্তন ও সংশোধনের অফিস আদেশ জারি করা হয় বলে জানিয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।
শাকিলা ববি/সুমন/