ঈদুল আজহার ছুটিতে পঞ্চগড় রেলওয়ে স্টেশন পরিণত হয়েছে বিনোদনকেন্দ্রে। ঈদের দিন থেকে শুরু হয়ে প্রতিদিনই এখানে দেখা যাচ্ছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।
সোমবার (৯ জুন) রাতে সরেজমিনে পঞ্চগড় রেলস্টেশনে এমন দর্শনার্থীদের ভিড়ের চিত্র দেখা যায়।
পঞ্চগড় শহরে বিনোদনের জায়গার কম থাকায় ঈদের ছুটিতে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে মানুষ আসছেন এই স্টেশন এলাকায়। স্টেশন এলাকায় শিশুদের জন্য অস্থায়ীভাবে বসানো হয়েছে নাগরদোলা, ফুচকা, চটপটি, আইসক্রিমসহ নানা ধরনের খাবারের দোকান।
স্টেশনের নতুন অবকাঠামো, খোলা পরিবেশ মানুষের কাছে জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে। কেউ তুলছেন সেলফি, কেউ পরিবারের সঙ্গে ছবি তুলে রাখছেন স্মৃতির অ্যালবামে।
ঘুরতে আসা কলেজছাত্রী কেয়া আক্তার বলেন, 'পঞ্চগড়ে বিনোদনের জায়গা কম। তবে রেলস্টেশন এলাকাটি এখন ঘুরে বেড়ানোর জন্য দারুণ জায়গা। সবার সঙ্গে দেখা হচ্ছে, ছবি তোলা হচ্ছে একটা মিলনমেলা বলা চলে।'
আলমগীর কবির নামের এক তরুণ বলেন, 'এখানে এসে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হলো। স্টেশনের নতুন অবকাঠামো বেশ সুন্দর। আশেপাশে খাবারের দোকানও আছে, সময় কাটানোর জন্য ভালো জায়গা।'
ঈদের ছুটিতে পঞ্চগড় শহরের তুলারডাঙ্গা এলাকায় করতোয়া নদীর পাড়, ধাক্কামারা ইউনিয়নের মীরগড় বিজিবি ক্যাম্পসংলগ্ন নদীর তীরে এবং তালামার হিমালয় বিনোদন পার্কেও দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। তবে এসব জায়গার চেয়ে রেলওয়ে স্টেশন এলাকাতেই ছিল সবচেয়ে বেশি ভিড়।
জেলা প্রশাসক সাবেত আলী জানান, 'ঈদে যেহেতু জনসমাগম বাড়ে, তাই দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নজরদারি রয়েছে।'
রেলওয়ে স্টেশন এলাকা আধুনিকায়নের পর এখন শুধু ট্রেনযাত্রীদের গন্তব্য নয়, বরং হয়ে উঠেছে শহরের মানুষের জন্য আড্ডা ও আনন্দ বিনোদনের অন্যতম স্থান। ঈদের সময় এ জায়গাটি যেন রূপ নেয় এক খোলা উৎসবের মাঠে, যেখানে মিশে যায় শহরের নানা প্রান্ত থেকে আসা মানুষ।
রনি মিয়াজী/রিফাত/অমিয়/