জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিয়েবাড়িতে বরপক্ষকে গরুর মাংস কম দেওয়ায় সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন।
সোমবার (৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গোদাশিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
বরপক্ষের আহতরা হলেন, আব্দুল মাজেদ সরদার (৪৮), রিপন সরদার (৪৫), রুকন সরদার (৩৮), বাবু (৩২), লাভলু (৩৫), শহিদুল্লাহ (৩৬), বুরুজ বাবুর্চি (৪৫), আল আমিন (৩০), আলমগীর হোসেন (২৫), মাহফুজ (৩৫), আবু সামা (৪৫)। কনেপক্ষের আহতরা হলেন- কনের নানা আব্দুল মালেক (৫৫)।
এ ছাড়াও উভয়পক্ষের আরও প্রায় ১৩ জন নারী-পুরুষ আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে শুভগাছা এলাকার আমিনুর আকন্দের ছেলে আবু বক্করের (২৪) সঙ্গে গোদাশিমুলিয়া এলাকার আছাদুল্লাহ্-এর মেয়ের বিয়ে হয়। সেই বিয়ের অনুষ্ঠানে কনের বাড়িতে যায় বরপক্ষ। সন্ধায় খাবার দিলে বরযাত্রীদের গরুর মাংস কম দেওয়ার অভিযোগে দুইপক্ষের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন বলেন, বিয়েবাড়িতে খাবার নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আসমাউল আসিফ/অমিয়/