দীর্ঘ ২৩ বছর কারাভোগের পর স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়া আব্দুল মাজেদের পাশে দাঁড়িয়েছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় সামনে মাজেদের হাতে একটি গরু এবং কিছু নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে।
মাজেদ পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের মৃত মজিবর রহমানের ছেলে।
জানা গেছে, ২০০২ সালে একটি মামলায় ৩০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন মাজেদ। কারাগারে থাকার সময় দ্বিতীয় বছরে স্ত্রী সালেহা বেগম তাকে ছেড়ে চলে যান। এর পর কোনো খোঁজ পাননি স্ত্রী কিংবা সন্তানদের। বছরের পর বছর কেটে গেছে কারারুদ্ধ জীবনের। এ সময় তার একমাত্র ভরসা ছিলেন মা ফুলবানু। কিন্তু দুর্ভাগ্যক্রমে ১৬ দিন আগে মারা যান তিনি।
এদিকে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর মাজেদ আশ্রয় নেন ভাইয়ের বাড়িতে। শারীরিকভাবে দুর্বল হওয়ায় পরিশ্রমের কাজ করতে পারেন না। তবু বাঁচতে হলে কিছু করতে হবে এ চিন্তা থেকে শুরু করেন চা শ্রমিকের কাজ। কিন্তু তা দিয়েও জীবনযাপন সম্ভব নয়।
এ খবর পেয়ে জেলা প্রশাসক মাজেদের হাতে একটি গরু এবং কিছু নগদ অর্থ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আমিনুল ইসলাম তারেকসহ অন্যান্য কর্মকর্তারা।
এ সব পেয়ে মাজেদ বলেন, কারাগার থেকে বের হয়ে আমি দিশেহারা মাকে নিয়ে থাকতাম। আমার মা ১৬ দিন আগে মারা গেছেন। চা-শ্রমিক হিসেবে কাজ করি কিন্তু তেমন কাজ করতে পারি না ৷ এ সাহায্য আমায় নতুন করে বাঁচতে সাহায্য করবে। আমি চেষ্টা করব গরুটিকে লালনপালন করে একটু স্বাবলম্বী হতে।
প্রতিবেশি সহিদুল ইসলাম জানান, মাজেদ জীবনে অনেক কষ্ট পেয়েছেন। এমন সহযোগিতা খুব দরকার ছিল।
জেলা প্রশাসক সাবেত আলী বলেন, 'একজন মানুষ দীর্ঘদিন কারাগারে থেকে এসে একা হয়ে গেছেন। এটা অত্যন্ত মানবিক বিষয়। আমরা চাই তিনি নতুন করে জীবন শুরু করুক। প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা সবসময় থাকবে।'
রনি/রিফাত/মেহেদী/